Category Archives: খেলাধুলা

বানিয়াচংয়ে সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং ক্রিকেট একাডেমীর পরিচালনায় ও সিরাজুল হোসেন খান স্মৃতি পরিষদের সহযোগিতায় ব্যানার-ফেস্টুনে সজ্জিত ঐতিহাসিক এড়ালিয়া মাঠে ৪র্থ বারের মত সিরাজুল হোসেন খান স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের জমকালো উদ্বোধন করা হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা, ফ্রিল্যান্স সাংবাদিক ও ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউপি’র চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং ক্রিকেট একাডেমীর সভাপতি এম এ ইকবাল হোসেন খান মনি। শরীফখানী ক্রিকেট ক্লাবের খেলোয়ার মোঃ সহিদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান মোহাম্মাদ আলী মমিন এবং বিশেষ অতিথির বক্তৃতা করেন সিরাজুল হোসেন খান স্মৃতি পরিষদের সভাপতি আখলাক হোসেইন খান খেলু ও ক্রিড়ানুরাগী আশিক মিয়া মাষ্টার। এছাড়াও বক্তব্য রাখেন বানিয়াচং ক্রিকেট একাডেমীর কোষাধ্যক্ষ শাহরিয়ার খান সাচী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে প্রত্যয় জুড়াসিক ক্রিকেট ক্লাব ৬০ রানের বিশাল ব্যবধানে জুয়েল ক্রীড়া চক্রকে পরাজিত করে। জুয়েল ক্রীড়া চক্র ট্রসে জিতে ফিল্ডিং করতে নেমে ২০ ওভারে ১৪৭ রানে জুড়াসিক ক্লাবকে অলআউট করে। জুড়াসিক ক্লাবের মিলাদ ৪৪ ও সাজ্জাদুল ৪১ রান করেন। জাকু ২৭ রানে ২ ও জনি ২৮ রানে ২ উইকেট নেন। জবাবে জুয়েল ক্রীড়া চক্র ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৮৭ রানে অলআউট হয়। জাকু ১৯ ও পারভেজ ১২ রান করেন। জুড়াসিক ক্লাবের খোকন ৮ রানে ৩ উইকেট ও সাজ্জাদুর ২৩ রানে নেন ৩ উইকেট। জুড়াসিক ক্লাবের সাজ্জাদুর ৪১ রান ও ৩ উইকেট লাভ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। প্রথম ম্যাচে আম্পায়ের দায়িত্ব পালন করেন বানিয়াচং ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালেহ ও সম্মানীত সদস্য মাহমুদুল হোসেন খান রাজু। স্কোরারের দায়িত্ব পালন করেন বানিয়াচং ক্রিকেট উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ। দ্বিতীয় ম্যাচে একে অলষ্টার ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩ উইকেটের জয় তুলে নেয় বিএ বাদশাহ ক্লাব। অলষ্টার ক্লাব ট্রসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে। মান্না অপরাজিত ৩৯ রান করেন। বিএ বাদশাহ ক্লাবের কাউছার ২১ রানে ৩ উইকেট ও দিপ্তেন্দু ১৪ রানে নেন ৩ উইকেট। ১১০ রানের টার্গেটে বিএ বাদশাহ ব্যাট করতে নেমে ১৩ দশমিক ২ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে। মোশাররফ ২৫, দিপ্তেন্দু ২০ ও কাউছার ১৫ রান করেন। দিপ্তেন্দু ১৪ রানে ৩ উইকেট ও ২০ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আম্পায়ারের দায়িত্বে ছিলেন ক্রিকেটার নোহাল ও রাজু সিংহ। স্কোরারের দায়িত্বে ছিলেন সাচী। উল্লেখ্য, বানিয়াচংয়ের কৃতি সন্তান সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খানের স্মৃতি ধরে রাখতে প্রতি বছর এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়ে থাকে।

Share on Facebook