Category Archives: সারাজেলা
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়ক থেকে র্যাব পরিচয়ে ব্যবসায়ীসহ ৩ জনকে অপহরণ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের কলিমনগর-জগতপুর এলাকার মধ্যবর্তী স্থান থেকে র্যাব পরিচয়ে জিতু মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীসহ তিনজনকে অপহরণ করে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে একদল অপহরণকারী। বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত জিতু মিয়া হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌর এলাকার সুদিয়াখলা গ্রামের বাসিন্দা। তিনি শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারের হাজী কমপ্লেক্সের মালিক। অপর অপহৃতরা হলেন- ব্যবসায়ী জিতু মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৮) ও তাদের প্রাইভেটকারের চালক শায়েস্তাগঞ্জ পৌরসভার লেঞ্জাপাড়া গ্রামের বাবুল মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, অপহৃত জিতু তার ছেলে সোহাগকে নিয়ে দুপুর আড়াইটার দিকে প্রাইভেটকারে করে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই সড়কের কলিমনগর-জগতপুর এলাকার মধ্যবর্তী স্থানে সাত/আট জনের একদল লোক র্যাব পরিচয় দিয়ে প্রাইভেটকারটির গতিরোধ করে। এসময় তারা প্রাইভেটকারের যাত্রী জিতু, তার ছেলে সোহাগ ও চালক বাবুলকে অন্য একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে চলে যায়। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, ঘটনাটি সন্দেহজনক। ব্যবসায়ী জিতুসহ অন্যরা আসলেই অপহৃত হয়েছেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




































