নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং-প্রাইভেট ‘বন্ধ’
স্টাফ রিপোর্টার ॥ স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকেরা এখন থেকে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করাতে ও প্রাইভেট পড়াতে পারবেন না। তবে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে প্রতিষ্ঠানের ভেতরে অতিরিক্ত ক্লাস নিতে পারবেন। বৃহস্পতিবার ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
দুপুরে সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, পিছিয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা দুর্বল শিক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। তবে কোনো শিক্ষার্থীকে ক্লাস করতে বাধ্য করা যাবে না। অভিভাবকের মতামতের ভিত্তিতেই এ ক্লাস নিতে হবে।
মন্ত্রী বলেন, এক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য শিক্ষকেরা মহানগর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা, জেলা পর্যায়ের শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা এবং উপজেলাসহ অন্য এলাকার শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০ টাকা করে নিতে পারবেন।
তবে প্রতিটি বিষয়ে মাসে কমপক্ষে ১২টি ক্লাস নিতে হবে। আর এ টাকার ১০% বিদ্যালয়ের পানি, বিদ্যুৎ, গ্যাস খরচ এবং কর্মচারীদের জন্য রাখা হবে। বাকি টাকা শিক্ষকেরা পাবেন। স্কুল কর্তৃপক্ষ এই অর্থ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে বলে জানান নুরুল ইসলাম।
এসব সিদ্ধান্ত না মানলে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
Share on Facebook


































