সৌদি আরবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানালেন বিএনপি সভাপতি আহম্মদ আলীসহ দলীয় নেতৃবৃন্দ
বিশেষ প্রতিনিধি ঃ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টা ৪০ মিনিটে জেদ্দা পৌঁছেছেন। এমিরাসটস এয়ারলাইনসের একটি ফাইটে তিনি তার সফরসঙ্গীদের নিয়ে জেদ্দার বাদশা আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে অভ্যর্থনা জানান, সৌদি রয়েল প্রোটোকলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপি সভাপতি আহম্মদ আলী মুকিব, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন, যুবদল সভাপতি মোজাম্মেল হোসেন ও জেদ্দা মহানগর সভাপতি কেফায়েত উল্লাহ কিসমতসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক প্রবাসী নেতাকর্মী। বেগম জিয়া বিমানবন্দর থেকে জেদ্দা রয়েল প্যালেসে যান। সেখান থেকে তিনি রোববার দিনের কোনো একসময় পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সড়ক পথে মক্কা আল মোকাররম যাবেন। ওমরা পালন শেষে তিনি রিয়াদ কিং ফাহাদ হাসপাতালে চেকআপ ও চিকিৎ্সা শেষে এ সপ্তাহেই তিনি দেশে ফিরবেন। বেগম জিয়া সৌদি রাজপরিবারের অতিথি হিসেবে সৌদি আরব সফর করছেন ।
বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, প্রেস সচিব মারুফ কামাল খান, দলের তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সৌদি আরবে চেয়ারপার্সনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী, বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহম্মেদ ও ব্যক্তিগত আলোকচিত্রী নূরুদ্দিন আহমেদ। সফরকালীন বেগম জিয়া সৌদি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকের কথা রয়েছে।

































