হবিগঞ্জে ৩ ছিনতাইকারী আটক
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এলাকা থেকে রোববার ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্জারামপুর উপজেলার নাজিম মিয়ার ছেলে জহির মিয়া (১২), বিজয়নগর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সানু মিয়া (২২) ও গোলাম হোসেনের ছেলে জালাল মিয়া (২৩)। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের আলেছা খাতুন (৪০) নামে এক নারী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতাল এলাকায় পৌঁছালে ছিনতাইকারী জালাল মিয়া তাকে অজ্ঞান করে তার কানের দুল ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয়রা ঘটনা আঁচ করতে পেরে জালালকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার কবল থেকে জালালকে উদ্ধার করে। এ সময় জালালের স্বীকারোক্তি অনুযায়ী, অপর দুই ছিনতাইকারী জহির ও সানুকেও আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।



































