জানাজায় মানুষের ঢল
স্টাফ রিপোর্টার: জাতীয় ঈদগাহ ময়দানে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বেলা আড়াইটায় জানাজা শুরু হয়। ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন। জানাজায় আওয়ামী লীগ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বেলা সোয়া দুইটার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লাশ নেয়া হয় ঈদগাহ ময়দানে। শহীদ মিনার থেকে লাশ ঈদগাহ ময়দানে নেয়ার আগেও শ্রদ্ধা জানাতে যাওয়া লোকজনের দীর্ঘ সারি ছিল শহীদ মিনার এলাকায়। এদিকে লাশ জাতীয় ঈদগাহে নেয়ার আগেই ঈদগাহ মাঠ লোকারণ্য হয়ে পড়ে। সেখানে উপস্থিত মুসল্লিদের নিয়ে মোনাজাত করেন জাতীয় মসজিদের খতিব। সকাল থেকেই ঈদগাহ ময়দানকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তা জোরদার করে।
জানাজায় আওয়ামী লীগের আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, বিএনপি’র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আআমস আরেফিন সিদ্দিকসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।


































