মাধবপুরে বোম্বে লিচুর বাম্পার ফলন
বিশেষ প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ী গ্রামের মনির উদ্দিনের পুত্র জিয়াউর রহমান (৩৫)। তিনি ছোট বেলা থেকে বাবার সাথে নার্সারী কাজে দক্ষতার সহিত কাজ করে বিভিন্ন ফল গাছের বাগান করে আসছেন। জিয়াউর রহমানের বাবা মনির উদ্দিন কয়েক বছর আগে উপজেলা কৃষি অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আম, লিচু, কমলার চারার চাষাবাদ করছেন। গত কয়েক বছর ধরে তিনি লিচু ব্যবসায়ে সাফল্য অর্জন করেন। ফলে মাধবপুর উপজেলাতে তার সুনাম ছড়িয়ে পড়ে চতুরদিকে। গত ৪-৫ বছর থেকে জিয়াউর রহমান পরীক্ষামুলক ভাবে ১০০টি বোম্বাই ও পাটনার লিচু চারা রোপন করেন । প্রায় ৬০ শতাংশ জমির উপর সেখানে আরো বিভিন্ন জাতের চারা যেমন কমলা, আম, কাঠাল, লিচু চারা এই বাগানে আছে।
গত বছরেও বোম্বাই লিচুর বাম্পার ফলন হয়েছে কিন্তু তখনই কোন বাজারজাত করেননি। এ বছরে আনুষ্ঠানিকভাবে তার লিচু বাজারজাত করা হচ্ছে। জিয়াউর রহমানের প্রতিদিন আয় হচ্ছে ২০-৩০ হাজার টাকা। এ অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছে পাইকারী ভাবে লিচু কিনার জন্য জিয়াউর রহমানের বাড়ীতে। প্রতিদিন ক্রেতাদের ভীড় দেখে মনে হয় এখানে কোন বড় ধরনের ফলের মার্কেট গড়ে উঠেছে।
জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিন হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, আশুগঞ্জ, আখাউড়া, কুমিল্লা ও মাধবপুর থেকে পাইকাররা লিচু কিনতে আসেন আমার বাড়ীতে। আমার কাছ থেকে লিচু নিয়ে ট্রেনে, বাসে ও বাজারে নিয়ে খুচরা বিক্রি করে তারা। তাতে তাদের সংসারও উন্নত হচ্ছে। আমি ও তাদের কাছ থেকে সুনাম অর্জন করছি। এখন বর্তমানে বাজারে খুচরা মূল্য ৩০০ টাকা ১০০ লিচুর দাম। আমি তাদের কাছ থেকে ২৫০ টাকা ধরে বিক্রি করছি। এ অঞ্চলে আমিই প্রথম ফলন করছি বোম্বা জাতের লিচু।









































