মোঃ ইবাদুর রহমান: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের তাজপুর এলাকায় সড়কের বড় গর্তে সিমেন্ট বোঝাই একটি ট্রাক আটকে পড়ে মারাত্মক যানজটের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কের একটি বিশাল গর্তে ট্রাকটির চাকা দেবে যায়। এতে ট্রাকটি একপাশে কাত হয়ে পড়ে এবং আর এগোতে পারেনি। ফলে ওই সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হলেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কটি গুরুত্বপূর্ণ হলেও অবহেলার কারণে দিন দিন এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দ্রুত সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
এদিকে, আটকে পড়া ট্রাকটি সরিয়ে নিতে স্থানীয়দের সহায়তায় চেষ্টা চালানো হচ্ছে। তবে সড়কের বেহাল অবস্থার কারণে স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধারে সময় লাগতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


