হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরে গোসল করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে আপন ভাই-বোন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, বুধবার (৮ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিট থেকে ১টার মধ্যে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম জাতকর্ণপাড়া মহল্লার মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি চালক লিটন মিয়ার দুই সন্তান—সাদিয়া আক্তার (৭) ও জুবায়ের মিয়া (৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই শিশু বাড়ির পেছনের একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুরে তাদের ভাসতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে মৃত অবস্থায় তাদের উদ্ধার করেন।
খবর পেয়ে বিকাল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্য ও স্থানীয়দের জবানবন্দি গ্রহণ করে এবং মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


