হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালে সাত কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩৭ নম্বর বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে কয়েকজন কিশোর একসঙ্গে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করে। এ সময় তাদের হাতে থাকা ভোটার স্লিপের সঙ্গে বয়সের অসামঞ্জস্য ধরা পড়লে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই করে তাদের আটক করা হয়।
বর্তমানে আটক কিশোরদের সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে রাখা হয়েছে। তারা সবাই ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক সাতজনই অপ্রাপ্তবয়স্ক। ভোটগ্রহণ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

