সিলেট বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে চুনারুঘাট কালেঙ্গা রেঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ডায়না ট্রাক ভর্তি বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বন সংরক্ষক মোঃ জয়নাল আবেদীন ও ডেপুটি ফরেস্ট রেঞ্জার মোঃ আব্দুল খালিকসহ একটি দল কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর আগর বাগান এলাকায় টহল দিতে গেলে একটি ডায়না ট্রাক লক্ষ্য করা যায়। ট্রাকের চালক বন কর্মকর্তাদের দেখে দ্রুত চুনারুঘাট বটতলা দিকে চলে গেলে, বন কর্মকর্তারা ধাওয়া করে গাড়িটি আটক করেন।
আটককৃতরা হলেন: মোঃ সাকিব মিয়া (২৫), হুরপাড়া, চুনারুঘাট, মোঃ নূর আলম (২৪), গোবিন্দপুর, মোঃ মোজাম্মেল হক সুমিত (২৮), গোয়াসপুর।
তদন্তে দেখা গেছে, আটককৃতরা কাঠের জন্য কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। গাড়ির মালিক ও কাঠের মালিক একই ব্যক্তি।
আটককৃতরা বর্তমানে আদালতে প্রেরণ করা হয়েছে। ডায়না ট্রাক ও উদ্ধারকৃত কাঠ ফরেস্ট রেঞ্জ অফিসে হেফাজতে রয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।


