ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
জেলার ইতিহাসে প্রথমবারের মতো সবকটি আসনে এককভাবে জয় পেয়েছে দলটি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চারটি আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে ধানের শীষ প্রতীকে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা সিরাজুল ইসলাম (রিকশা) পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট।
এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া (ঘোড়া) পেয়েছেন ৩৪ হাজার ৬৩৭ ভোটসহ অন্যান্য প্রার্থীরা স্বল্প ভোট পান। এ আসনে মোট ৪ লাখ ৬৬ হাজার ৯২১ ভোটারের মধ্যে ২ লাখ ১৫ হাজার ১৭৭ ভোট পড়েছে, যা ৪৬ দশমিক ০৮ শতাংশ।
হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে ডাঃ সাখাওয়াত হোসেন জীবন ১ লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাছিত আজাদ (দেয়ালঘড়ি) পেয়েছেন ৬৫ হাজার ৭৬২ ভোট। এ আসনে মোট ৩ লাখ ৯৪ হাজার ৭৫৯ ভোটারের মধ্যে ২ লাখ ৯৭৫ ভোট পড়েছে, যা ৫০ দশমিক ৯১ শতাংশ।
হবিগঞ্জ–৩ (সদর–লাখাই–শায়েস্তাগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে জি কে গউছ ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মহসিন আহমেদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪৫ হাজার ৫৬৮ ভোট। মোট ৪ লাখ ১৯ হাজার ৫৭২ ভোটারের মধ্যে ২ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট পড়েছে, যা ৫১ দশমিক ১২ শতাংশ।
হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও শিল্পপতি সৈয়দ মোঃ ফয়সল ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যা চার আসনের মধ্যে সর্বোচ্চ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মোঃ গিয়াস উদ্দিন তাহেরী (মোমবাতি) পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। এ আসনে মোট ৫ লাখ ৫২ হাজার ৭১১ ভোটারের মধ্যে ৩ লাখ ১০ হাজার ৯৭ ভোট পড়েছে, যা ৫৬ দশমিক ১০ শতাংশ।
জেলার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চারটি আসনে বিএনপির একক বিজয় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

