বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে হবিগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন H.B. Nobo Utthan Social Organization-এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) শহরের সুরবিতান হল, হবিগঞ্জে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মোবাশ্বির আহমেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাঈম নীলয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এস. এম. সরওয়ার। প্রধান মেহমান ছিলেন হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জুয়েল, শেখ জাহাঙ্গীর আলম, মোসাহিদ মজুমদার ও মাহতাবুল আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাব্বির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে হাফেজ তানবির পবিত্র কুরআন তেলাওয়াত করেন। পরে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
আলোচনা শেষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করেই একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


