Category: লাখাই

  • লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ

    লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ

    হবিগঞ্জের লাখাই উপজেলায় শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময়ের লক্ষ্যে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

    রবিবার (১৮ অক্টোবর) প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলার করাব, বামৈ, লাখাইসহ বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন।

    পরিদর্শনকালে প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপিত হতে দেখে সন্তোষ প্রকাশ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যের উপস্থিতি লক্ষ্য করা যায়। পূজা কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে আলাপকালে তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

    এ বিষয়ে পূর্ব সিংহগ্রাম দাসপাড়া পূজা কমিটির সভাপতি সজল দাস বলেন, “প্রতিবছরের মতো এবারও আমরা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করছি। আমাদের পূজামণ্ডপে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সহসভাপতি মাওলানা জালাল আহমেদ ও মহিউদ্দিন আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক সুশীল চন্দ্র দাস, সহসাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, সহসাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সুজনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

  • লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসানের যোগদান

    লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসানের যোগদান

    হবিগঞ্জের লাখাই উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তারেক হাসান যোগদান করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) তিনি লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

    তারেক হাসান ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। লাখাইয়ে যোগদানের আগে তিনি ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

    সম্প্রতি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে নির্ধারিত সময়ের মধ্যে পূর্বের কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

    তারেক হাসানের জন্মস্থান নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত।

    নতুন ইউএনও হিসেবে তারেক হাসান লাখাইয়ে যোগদানের খবর পেয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা কমপ্লেক্সের সামনে তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং স্বাগত জানান।

    নতুন ইউএনওর যোগদানের মধ্য দিয়ে লাখাই উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। পাশাপাশি জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নতুন গতি আসবে বলেও আশা করছেন সাধারণ মানুষ।

  • লাখাইয়ে ৫৩৩ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    লাখাইয়ে ৫৩৩ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

     

    হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা সড়ক বাজার এলাকার গিরেন্দ্র মার্কেটের সামনে অভিযান চালিয়ে ৫৩৩টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    এ সময় মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

     

    আজ ৮ আগস্ট ভোর ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের দিকনির্দেশনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু কায়সারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি চালায়।

     

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের মৃত আজম আলীর ছেলে জুটন মিয়া (৩৮) এবং করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রামের গাজন মিয়ার ছেলে নাঈম হোসেন আকাশ (২৮)।

     

    পুলিশ জানায়, অভিযানে জুটন মিয়া ও নাঈম হোসেন আকাশকে আটক করার পর তাঁদের কাছ থেকে ৫৩৩টি ইয়াবা বড়ি, মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

     

    অভিযানে এসআই মানিক সাহা, এসআই মুন্না মিয়া, এএসআই আব্দুল হাকিম, এএসআই গোপাল আচার্য, এএসআই ফিরুজ মিয়া, এএসআই অরবিন্দুসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

     

    লাখাই থানার পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

     

    লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো তদবির চলবে না।’

  • লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে সচেতনতামূলক সভা

    লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে সচেতনতামূলক সভা

    হবিগঞ্জ পল্লী বিদ্যুতের অধীন লাখাই জোনাল অফিসের উদ্যোগে সারা দেশের ন্যায় লাখাই উপজেলায়ও বিদ্যুৎ সাশ্রয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

     

    বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিদ্যুৎ সাশ্রয়, গ্রাহকসেবা ও গণশুনানি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

     

    সভায় সভাপতিত্ব করেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. বাদশা মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই।

     

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সুমন সাহা। বিশেষ অতিথি ছিলেন লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ।

     

    এছাড়া বক্তব্য রাখেন লাখাই পল্লী বিদ্যুৎ অফিসের ওয়্যারিং পরিদর্শক আসাদুল্লাহ, ব্যবসায়ী ফয়সাল আহমেদ, বেনু মিয়া, নিচেন্দ্র দেব, নিখিল চন্দ্র শীল, স্বপন চন্দ্র দাস, লেবু মিয়াসহ অন্যান্যরা।

     

    প্রধান অতিথির বক্তব্যে ডিজিএম সুমন সাহা বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সবাইকে সাশ্রয়ী ফ্যান, এলইডি লাইট ও বিদ্যুৎ-সাশ্রয়ী বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে অভ্যস্ত হতে হবে। এতে বিদ্যুৎ অপচয় কমবে এবং লোডশেডিং সমস্যা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।

     

    তিনি আরও বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ মাঝে-মধ্যেই পাওয়া যায়। এ বিষয়ে মাঠপর্যায়ে মিটার রিডিংয়ের দায়িত্বে নিয়োজিত কর্মীদের আরও সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হবে, যাতে কোনো ধরনের গাফিলতি না হয়।

  • কন্ডাক্টর ছিঁড়ে সিলেট অঞ্চলে ব্যাপক লোডশেডিং, কারণ জানাল বিদ্যুৎ বিভাগ

    কন্ডাক্টর ছিঁড়ে সিলেট অঞ্চলে ব্যাপক লোডশেডিং, কারণ জানাল বিদ্যুৎ বিভাগ

    সিলেট অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও আশপাশের এলাকায় চলমান ব্যাপক লোডশেডিংয়ের কারণ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ভুলতা-নরসিংদী ১৩২ কেভি সঞ্চালন লাইনের একটি গুরুত্বপূর্ণ কন্ডাক্টর ছিঁড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে ভুলতা গ্রিডের নিকটবর্তী ভুলতা-টু-নরসিংদী ১৩২ কেভি সঞ্চালন লাইনের ‘ওয়াই (Y) ফেজ’ কন্ডাক্টর ছিঁড়ে যায়। এর ফলে নরসিংদী গ্রিড উপকেন্দ্রে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

    পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ব্যবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ থেকে নরসিংদী গ্রিড উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে। তবে সঞ্চালন সক্ষমতা কমে যাওয়ায় সিলেট অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী এলাকায় ব্যাপক লোডশেডিং দিতে হচ্ছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত স্থানে পাঁচটি স্প্যানজুড়ে কন্ডাক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কন্ডাক্টর পরিবর্তনের কাজ শুরু হয়েছে। মেরামত কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করতে আগামী রোববার বা সোমবার পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

    বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গ্রাহকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে বলা হয়েছে, দ্রুততম সময়ে মেরামত কাজ সম্পন্ন করে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।

  • লাখাইয়ের বুল্লাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    লাখাইয়ের বুল্লাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লাবাজারে তীব্র যানজট নিরসন এবং বাজারের অলিগলি থেকে অবৈধ দোকান উচ্ছেদ করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

    সোমবার (২০ জুলাই) বিকেলে বুল্লাবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ এবং প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য।

    অভিযানে আরও উপস্থিত ছিলেন বুল্লাবাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব মোহাম্মদ বাহার উদ্দিন, বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ বাদশা মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, স্থানীয় সাংবাদিক এবং বাজারের ব্যবসায়ীরা।

    অভিযানকালে বাজারের প্রধান সড়ক ও অলিগলি দখল করে দোকান বসিয়ে জনউপদ্রব সৃষ্টি এবং ক্রেতাদের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে একটি ফলের দোকান ও একটি মুদির দোকানকে মোট ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া অসংখ্য অবৈধ দোকান উচ্ছেদ করে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম জানান, প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত মাল্টিপারপাস শেড এবং ১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে নির্মিত উইমেন্স কর্নার সংস্কার করে ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • লাখাইয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    লাখাইয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জের লাখাই উপজেলায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন থানা মসজিদের ইমাম মাওলানা মহিবুর রহমান এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।

    সভায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য এবং জুলাই শহীদদের আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা মামুনুর রশীদ, জুলাই শহীদ কারিমুলের মা মমরাজ বিবি এবং জুলাই যোদ্ধা বাহার উদ্দিনসহ অন্যান্যরা।

    বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের ফলেই আজকের নতুন বাংলাদেশের পথ উন্মোচিত হয়েছে। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার চেতনা বাস্তবায়ন এবং শহীদদের আদর্শ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিবুর রহমান।