Category: নবীগঞ্জ

  • হযরত শাহজালাল লতিফিয়া আইডিয়াল আলিম মাদ্রাসার  প্রতিষ্ঠাবার্ষিকীতে নাতে রাসূল (সা.) মাহফিল অনুষ্ঠিত

    হযরত শাহজালাল লতিফিয়া আইডিয়াল আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে নাতে রাসূল (সা.) মাহফিল অনুষ্ঠিত

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দক্ষিণ দৌলতপুরে হযরত শাহজালাল লতিফিয়া আইডিয়াল আলিম মাদ্রাসার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাতে রাসূল (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

     

    সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে খ্যাতনামা নাশিদ ও গজলশিল্পীরা পবিত্র নাতে রাসূল (সা.) পরিবেশন করেন। তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো মাহফিল প্রাঙ্গণ।মাহফিলে রিসালাহ প্রতিষ্ঠাতা মুজাহিদ ইসলাম বুলবুল ‘শানে ফুলতলী’ ও নাতে রাসূল পরিবেশন করেন।

     

    এ ছাড়া আবদারখ্যাত শিল্পী মাহমুদ আব্দুল কাদির, আব্দুল্লাহ রাজীব সাদী, সিলেটের শিল্পী মারজান মোহাম্মদ রুহি, সবুজ কুঁড়ি শিল্পীগোষ্ঠীর শিল্পী আবু সুফিয়ান হারুন, নবীগঞ্জ পৌর তালামীযের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাশিদশিল্পী মুস্তাকিম হাসান জামি, ফজল মাহমুদ, নিহান চৌধুরী ও তামিম বিল্লাহ ত্বোহাসহ স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা নাতে রাসূল ও গজল পরিবেশন করেন।

     

    মাহফিলে নবীগঞ্জ পৌর তালামীযের সভাপতি জহুরুল ইসলাম রাহুল, সহসভাপতি শাহরিয়ার আহমেদ শাওন, জহিরুল ইসলাম, সুলতান আহমদসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। তাঁরা শিল্পীদের পরিবেশিত নাতে রাসূল ও গজল উপভোগ করেন।

     

    ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে আয়োজিত এ মাহফিলের মধ্য দিয়ে মাদ্রাসার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

  • নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা আলোচনায় নবীগঞ্জের ইমদাদ চৌধুরী

    নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা আলোচনায় নবীগঞ্জের ইমদাদ চৌধুরী

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ ও মৌখিক হেনস্তার অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীসহ কয়েকজনকে ড. ইউনূসের উদ্দেশে উচ্চস্বরে স্লোগান দিতে দেখা যায়।

    মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদন সূত্রে জানা যায়, স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) বিকেলে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কে পৌঁছানোর পর হুইলচেয়ারে থাকা অবস্থায় ড. ইউনূস কয়েকজন প্রবাসী বাংলাদেশির প্রতিবাদের মুখে পড়েন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে ড. ইউনূসের উদ্দেশে ‘ইউ আর আ টেররিস্ট’ (আপনি একজন সন্ত্রাসী) এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ (আপনি এখানে কেন এসেছেন)—এ ধরনের মন্তব্য করতে শোনা যায়। এ সময় বাংলাদেশের গণতন্ত্র, গ্রেপ্তার এবং পুলিশ হত্যার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

    এ সময় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা ড. ইউনূসের সামনে অবস্থান নিলে পরিস্থিতি সামাল দিতে তাঁকে বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয়।

    এদিকে, ইমদাদ চৌধুরী নিষিদ্ধ ঘোষিত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরীর ভাই বলে স্থানীয়ভাবে পরিচিত।

    ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

  • নবীগঞ্জে মাদকের রমরমা ব্যবসা, জামিনে বেরিয়েই ফের কারবারে জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়ীরা

    নবীগঞ্জে মাদকের রমরমা ব্যবসা, জামিনে বেরিয়েই ফের কারবারে জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়ীরা

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রির অভিযোগ উঠেছে।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন কেউ কেউ—এমন অভিযোগ স্থানীয়দের। এতে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও সচেতন মহল।

     

    স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবারিদের একটি নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন স্থানে মাদক সরবরাহ ও বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

    প্রশাসনের অভিযানে কেউ কেউ গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় পুরোনো কারবারে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বিভিন্ন কৌশলে মাদক সরবরাহের কারণে এ ব্যবসা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন তাঁরা।

     

    মাদকের বিস্তার তরুণ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। পাশাপাশি মাদককে কেন্দ্র করে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঝুঁকি বাড়ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন নাগরিকেরা। তাঁদের মতে, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

     

    নবীগঞ্জ প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক নাজমুল ইসলাম বলেন, “মাদক কারবারিদের ভয়ে অনেকেই মুখ খুলতে চান না। মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হলেও পরে আদালত থেকে জামিনে বেরিয়ে এসে আবারও এ ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এর ফলে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে।

     

    ”স্থানীয় বাসিন্দা শাহেল আহমেদ বলেন, “নবীগঞ্জে কোথায় মাদক বিক্রি হয়, কারা এ ব্যবসার সঙ্গে জড়িত—তা অনেকেই জানেন বলে দাবি করেন। কিন্তু মাদক বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ আরও জোরদার করা প্রয়োজন। নিয়মিত মাদকবিরোধী অভিযান ও দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা।”

  • হবিগঞ্জে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে কওমি মাদ্রাসা শিক্ষক কারাগারে

    হবিগঞ্জে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে কওমি মাদ্রাসা শিক্ষক কারাগারে

    হবিগঞ্জের এক স্কুল শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে  এক কওমি মাদ্রাসা শিক্ষক মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    আটক সাদেকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার ৬ নম্বর কুর্শি ইউনিয়নের পিরিজপুর গ্রামের রাব্বানী মিয়ার ছেলে। তিনি হবিগঞ্জের রাজনগর এলাকার  মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীর জান্নাতুল মাওয়া কওমি মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।

    পুলিশ ও অভিযোগসংক্রান্ত সূত্রে জানা যায়, মাদ্রাসায় পড়ানোর সুবাদে এক শিক্ষার্থীর সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে সাদেকুল ইসলামের বিরুদ্ধে। পরিবারের সদস্যদের সন্দেহের পর বিষয়টি জানাজানি হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

    রোববার রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় রাজনগর এলাকার ওই মাদ্রাসা থেকে সাদেকুল ইসলামকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    স্থানীয় সূত্রে অভিযোগটি ‘জ্বিনের ভয় দেখানোর’ মাধ্যমে সংঘটিত হওয়ার দাবি করা হয়েছে।

    ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

  • বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ উদ্ধার নবীগঞ্জে

    বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ উদ্ধার নবীগঞ্জে

    হবিগঞ্জের বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের শংকরপুর (ইছবপুর) গ্রামের সিএনজি চালক তুহিন মিয়া হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর নবীগঞ্জ উপজেলার ফুলতলি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

    নিহত তুহিন মিয়া শংকরপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে। তার ব্যবহৃত সিএনজি অটোরিকশার নম্বর হবিগঞ্জ-থ-১১-৪৩৪০।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর সোমবার রাত ১০টার পর থেকে সিএনজিসহ রহস্যজনকভাবে নিখোঁজ হন তুহিন মিয়া। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

    বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের লাশ

    অবশেষে আজ ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার ফুলতলি এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই এই মর্মান্তিক ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন সম্ভব হবে বলে মনে করছেন তারা।

    এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, পুলিশ দ্রুত ঘটনার তদন্ত শুরু করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনবে।

  • দিনারপুর হিল রিজার্ভ থেকে চোরাই বাঁশসহ দুই ট্রাক আটক

    দিনারপুর হিল রিজার্ভ থেকে চোরাই বাঁশসহ দুই ট্রাক আটক

    সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)-এর নির্দেশে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর হিল রিজার্ভ এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে পরিবহন করা বাঁশসহ দুটি ট্রাক আটক করেছে শায়েস্তাগঞ্জ রেঞ্জ বন বিভাগ।

    জানা যায়, শনিবার (২৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ফরেস্ট চেক স্টেশনের কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নবীগঞ্জ উপজেলার দিনারপুর হিল রিজার্ভ এলাকা থেকে বিপুল পরিমাণ বাঁশবোঝাই দুটি ট্রাক আটক করা হয়।

    পরে স্থানীয় লোকজনের সহায়তায় আটক দুটি ট্রাক ও বাঁশ শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে জব্দ করা হয়। বর্তমানে এগুলো বন বিভাগের হেফাজতে রয়েছে।

    হবিগঞ্জ রেঞ্জের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)-এর নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জের বনাঞ্চলে চোরাই গাছ ও বাঁশের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি দিনারপুর হিল রিজার্ভ এলাকা থেকে বিপুল পরিমাণ বাঁশসহ দুটি ট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করেন।

    এদিকে স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক দাবি করেন, শায়েস্তাগঞ্জ রেঞ্জের বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী চোরাই গাছ ও বাঁশ উদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করছেন। তাদের ভাষ্য, অপরাধী যেই হোক, তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেন।

    তারা আরও অভিযোগ করেন, বন বিভাগের অভিযান ও সরকারি সম্পদ উদ্ধারের কারণে একটি মহল বিভিন্নভাবে বন কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির চেষ্টা করছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

    আটক বাঁশ ও দুটি ট্রাকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ জন নিহত

    নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ জন নিহত

    হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।

    শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দেবপাড়া বাজার সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর একজন ঘটনাস্থলেই মারা যান।

    পরে গুরুতর আহত অপরজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতরা হলেন—ঘোলডুবা মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী কম্পিউটার অপারেটর মাসুম পারভেজ (৩৫) এবং অফিস সহকারী শামীম আহমেদ (২৬)।

    দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।