Category: জাতীয়

  • নতুন বাণিজ্য সচিব হলেন বানিয়াচংয়ের শরফ উদ্দিন আহমদ চৌধুরী 

    নতুন বাণিজ্য সচিব হলেন বানিয়াচংয়ের শরফ উদ্দিন আহমদ চৌধুরী 

    বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃতী সন্তান শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এর আগে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

     

    শরফ উদ্দিন আহমদ চৌধুরী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত নজর উদ্দিন আহমদ এর পুত্র। তিনি ১৭তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা।

     

    রবিবার (১৮ অক্টোবর ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলিপূর্বক পদায়নের সিদ্ধান্ত জানানো হয়।

     

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষরে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

     

    প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও দপ্তরে অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

     

    বানিয়াচংয়ের সন্তান শরফ উদ্দিন আহমদ চৌধুরীর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার খবরে স্থানীয়ভাবে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর এ নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের বাণিজ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।

  • হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

    হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

    হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক  নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    বৃহস্পতিবার রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার এজাহার দাখিল করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন। মামলায় হ/ত্যা/চে/ষ্টা, মা/র/ধ/র, ভাঙচুর ও ছি/ন/তা/ইয়ের অভিযোগ আনা হয়েছে।

    এজাহারে বাদী অভিযোগ করেন, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও শোকসভায় অংশ নিতে কোর্ট মসজিদের সামনে জড়ো হলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

    মামলায় নাম উল্লেখ করা ১০ আসামি হলেন— নাহিদ উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম, নুর আলম চৌধুরী, ফখরুদ্দিন জাকি, মো. আতাউর হাই কামাল, রফম গাজী, মাহবুবুল বারী চৌধুরী, নাহিদ উদ্দিন তারেক, আবু হেনা মোস্তফা কামাল ও ওয়াদুদ মাহমুদ চৌধুরী। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

  • হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছে নাহিদ-হাসনাতসহ এনসিপির শীর্ষ নেতৃত্ব

    হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছে নাহিদ-হাসনাতসহ এনসিপির শীর্ষ নেতৃত্ব

    হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে এবার রাজপথে নামছে দলটির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি-র নেতৃত্বে বুধবার হবিগঞ্জ আসছেন দলটির একঝাঁক শীর্ষ নেতা।

    ​হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও বিশাল প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি। আকস্মিক এ কর্মসূচির কারণে পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ রোডম্যাপ অনুযায়ী মৌলভীবাজারের আগামীকালকের দুটি পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

    ​দলীয় সূত্রে জানা গেছে, বিক্ষোভ সমাবেশে অংশ নিতে নাহিদ ইসলামের সঙ্গে হবিগঞ্জে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি এবং সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

    ​এনসিপি নেতৃবৃন্দ এক কড়া বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেন, সন্ত্রাসী বাহিনী দিয়ে রক্ত ঝরিয়ে কিংবা ভয় দেখিয়ে রাজপথ থেকে এনসিপিকে হটানো যাবে না। সংঘাতের জবাব রাজপথেই দেওয়া হবে।

    ​হামলা পরবর্তী উত্তপ্ত পরিস্থিতিতে কালকের এই কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে হবিগঞ্জ জুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

  • কন্ডাক্টর ছিঁড়ে সিলেট অঞ্চলে ব্যাপক লোডশেডিং, কারণ জানাল বিদ্যুৎ বিভাগ

    কন্ডাক্টর ছিঁড়ে সিলেট অঞ্চলে ব্যাপক লোডশেডিং, কারণ জানাল বিদ্যুৎ বিভাগ

    সিলেট অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও আশপাশের এলাকায় চলমান ব্যাপক লোডশেডিংয়ের কারণ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ভুলতা-নরসিংদী ১৩২ কেভি সঞ্চালন লাইনের একটি গুরুত্বপূর্ণ কন্ডাক্টর ছিঁড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে ভুলতা গ্রিডের নিকটবর্তী ভুলতা-টু-নরসিংদী ১৩২ কেভি সঞ্চালন লাইনের ‘ওয়াই (Y) ফেজ’ কন্ডাক্টর ছিঁড়ে যায়। এর ফলে নরসিংদী গ্রিড উপকেন্দ্রে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

    পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ব্যবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ থেকে নরসিংদী গ্রিড উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে। তবে সঞ্চালন সক্ষমতা কমে যাওয়ায় সিলেট অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী এলাকায় ব্যাপক লোডশেডিং দিতে হচ্ছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত স্থানে পাঁচটি স্প্যানজুড়ে কন্ডাক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কন্ডাক্টর পরিবর্তনের কাজ শুরু হয়েছে। মেরামত কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করতে আগামী রোববার বা সোমবার পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

    বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গ্রাহকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে বলা হয়েছে, দ্রুততম সময়ে মেরামত কাজ সম্পন্ন করে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।

  • আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

    আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

    শুরুটা হয়েছিল হতাশাজনকভাবে। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল স্পেন। সেই দলটিই ধীরে ধীরে নিজেদের বদলে ফেলে। দুর্দান্ত ছন্দে একের পর এক জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছে যায় লা রোজা। আর শিরোপা নির্ধারণী ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেয় স্পেন।

    সোমবার ভোরে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। পরে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলে জয়ের উল্লাসে মাতে স্পেন। ২০১০ সালের পর আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা জিতল ইউরোপের দেশটি।

    পুরো ম্যাচজুড়েই আধিপত্য ছিল স্পেনের। বল দখল, আক্রমণ ও গোলের সুযোগ তৈরিতে তারা ছিল স্পষ্টভাবে এগিয়ে। অন্যদিকে আর্জেন্টিনা মাত্র ৩৫ শতাংশ বলের দখল ধরে রাখতে সক্ষম হয় এবং পুরো ম্যাচে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি।

    ম্যাচের শুরু থেকেই স্পেন আর্জেন্টিনার রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। লামিন ইয়ামাল, দানি ওলমো, ওয়ারজাবাল ও ফাবিয়ান রুইজ একের পর এক আক্রমণ চালালেও দুর্দান্ত নৈপুণ্য দেখান আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার একাধিক গুরুত্বপূর্ণ সেভ আর্জেন্টিনাকে দীর্ঘ সময় ম্যাচে টিকিয়ে রাখে।

    প্রথমার্ধে ৬৫ শতাংশ বল দখলে রাখে স্পেন। পাস ও আক্রমণের সংখ্যাতেও তারা ছিল অনেক এগিয়ে। তবে গোলের দেখা না পাওয়ায় বিরতিতে ০-০ সমতায় মাঠ ছাড়ে দুই দল।

    দ্বিতীয়ার্ধেও স্পেনের একচেটিয়া আধিপত্য অব্যাহত থাকে। আর্জেন্টিনার রক্ষণভাগ বারবার চাপে পড়লেও মার্টিনেজের দৃঢ়তায় গোলশূন্য থাকে ম্যাচ। শেষদিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফলে ১০ জনের দলে পরিণত হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

    অতিরিক্ত সময়ের প্রথমার্ধে স্পেনের একটি গোল ভিএআর পর্যালোচনার পর বাতিল করা হয়। তবে হতাশ হয়নি লা রোজা। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র ২৭ সেকেন্ডের মাথায় পেদ্রো পোরোর ক্রস থেকে ফেরান তোরেস বল জালে জড়িয়ে স্পেনকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

    এই জয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল স্পেন। অন্যদিকে ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

    বিশ্বকাপের শুরুতে সমালোচনার মুখে পড়া স্পেন শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলে নিল। আর ফুটবল বিশ্ব পেল নতুন এক বিশ্বসেরা দল।

  • হবিগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

    হবিগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

    বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষাশিবির শনিবার (১১ জুলাই) হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাশিবিরে জেলার বিভিন্ন উপজেলা, থানা ও পৌরসভা শাখার রুকনরা অংশগ্রহণ করেন।

    জেলা আমীর মাওলানা মুখলিসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

     

    প্রধান অতিথির বক্তব্য রাখছেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

    জেলা সেক্রেটারি জননেতা কাজী মহসিন আহমদ ও সহকারী সেক্রেটারি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসাইন।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে মাওলানা আনোয়ার হোসাইন সূরা আল-হাশরের ১৯-২১ নম্বর আয়াতের আলোকে দারসুল কুরআন পেশ করেন।

    শিক্ষাশিবিরে “জনশক্তির মানোন্নয়ন ও সংগঠন মজবুতকরণ”, “আদর্শ মুসলিম : ব্যক্তি ও পরিবার” এবং “সদস্যদের (রুকন) দায়িত্বানুভূতি ও কর্তব্যনিষ্ঠা” শীর্ষক বিষয়ে পৃথক সেশনে আলোচনা অনুষ্ঠিত হয়।

    বক্তারা বলেন, আদর্শিকভাবে সমৃদ্ধ, দক্ষ ও দায়িত্বশীল জনশক্তি গড়ে তোলার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

    প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।”

    তিনি সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

    দিনব্যাপী শিক্ষাশিবিরে দারসুল কুরআন, বিষয়ভিত্তিক আলোচনা, সাধারণ প্রশ্নোত্তর পর্ব এবং সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

  • ভারতের অবৈধ পুশইনের প্রতিবাদে মাধবপুরে ১১ দলের মানববন্ধন

    ভারতের অবৈধ পুশইনের প্রতিবাদে মাধবপুরে ১১ দলের মানববন্ধন

    ভারত কর্তৃক বাংলাদেশে অবৈধভাবে পুশইনের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে ১১ দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ গেইটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবপুর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আবুল হাসিম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মোস্তফা কামাল।

    মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার শুরা সদস্য ও মাধবপুর উপজেলা আমীর মাওলানা আলাউদ্দিন ভূঁইয়া।

    তিনি বলেন, “আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী যেকোনো অবৈধ পুশইন কার্যক্রম বন্ধ করতে হবে। সীমান্তে মানবাধিকার ও রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

    এসময় বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূঁইয়া, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য রবিউল আলম, মাওলানা শরিফ উদ্দিন মাসুম এবং শামসুর রহমান।

    আরও বক্তব্য রাখেন মাধবপুর পৌর জামায়াতের সভাপতি আব্দুর রহমান খান সোহাগ এবং সেক্রেটারি আব্দুস সামাদ মানিক।

    বক্তারা ভারতের অবৈধ পুশইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সীমান্তে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সরকারের প্রতি জোর দাবি জানান। তারা দেশের সার্বভৌমত্ব ও নাগরিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

    মানববন্ধনে ১১ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।