Category: শায়েস্তাগঞ্জ

  • শায়েস্তাগঞ্জে কৃষিজমিতে শিল্পকারখানা, পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ

    শায়েস্তাগঞ্জে কৃষিজমিতে শিল্পকারখানা, পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ

     

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় শিল্পায়নের বিস্তারে কমছে কৃষিজমি। কৃষিজমি ভরাট করে গড়ে উঠছে ব্যবসাপ্রতিষ্ঠান, আবাসিক বহুতল ভবন ও শিল্পকারখানা। বিশেষ করে প্রাণ-আরএফএল গ্রুপের নতুন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ স্থাপনের পর স্থানীয়ভাবে কৃষিজমি হারানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌরসভা ও ইউনিয়ন এলাকার বড়চর মৌজায় প্রায় ৪০ একর জমি নিয়ে ২০২৪ সালে দ্বিতীয় শিল্প পার্ক গড়ে তোলে প্রাণ-আরএফএল গ্রুপ। সেখানে ওপাল গ্লাসওয়্যার ও কর্কশিট উৎপাদনের জন্য তিনটি প্রধান ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি নতুন কারখানা ও ভবন নির্মাণের কাজও চলছে।

    প্রতিষ্ঠানটির বিপণন পরিচালক কামরুজ্জামান চৌধুরী কামাল জানান, বিদ্যমান পণ্যের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, রপ্তানি বাজার সম্প্রসারণ, নতুন পণ্য বাজারজাতকরণ এবং পণ্যের বৈচিত্র্য বাড়ানোর লক্ষ্যে উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বড়চর মৌজায় দ্বিতীয় শিল্প পার্ক স্থাপন করা হয়েছে। এ প্রকল্পে প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

    তিনি আরও জানান, ভবিষ্যতে শিল্প পার্কের আশপাশের জমি কেনার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

    প্রতিষ্ঠানটির সুপারভাইজার শামসুল আলম সোহেল জানান, উপজেলার অলিপুর এলাকায় অবস্থিত প্রথম শিল্প পার্কের পর বড়চর মৌজায় দ্বিতীয় শিল্প পার্ক গড়ে তোলা হয়েছে। এ প্রকল্পের অর্থায়নে নিজস্ব মূলধন ও ঋণ ব্যবহার করা হয়েছে।

    প্রাণ-আরএফএল গ্রুপের তথ্য অনুযায়ী, ২০১১ সালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অলিপুর এলাকায় প্রায় ৩০০ একর জমি নিয়ে প্রথম শিল্প পার্ক প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী সময়ে সেখানে একাধিক কারখানা গড়ে ওঠে। বর্তমানে ওই শিল্প পার্কে প্রায় ২৫ হাজার নারী-পুরুষ কাজ করছেন।

    অন্যদিকে, দ্বিতীয় শিল্প পার্কে শুরুতে প্রায় ৫০০ শ্রমিক নিয়োগ দেওয়া হলেও বর্তমানে সেখানে এক হাজারের বেশি শ্রমিক কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ওপাল গ্লাসওয়্যার উৎপাদন সম্প্রসারণের জন্য সেখানে আরও কয়েকটি নতুন ভবন নির্মাণ করা হচ্ছে।

    সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, দেশের বাজারে ওপাল গ্লাসওয়্যারের বার্ষিক বাজারের আনুমানিক মূল্য প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা এবং এ বাজার ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে সারা দেশে প্রাণ-আরএফএল গ্রুপের ১১টি শিল্প পার্ক ও ২১টি কারখানা রয়েছে। এসব কারখানায় সাড়ে ছয় হাজারের বেশি ধরনের পণ্য উৎপাদিত হয় বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

    তবে শিল্পায়নের ফলে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও কৃষিজমি কমে যাওয়ার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে প্রশ্ন রয়েছে। কৃষিজমি ক্রমাগত শিল্প ও আবাসন খাতে রূপান্তরিত হলে স্থানীয় কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা এবং প্রাকৃতিক পরিবেশের ওপর প্রভাব পড়তে পারে।

    এ ছাড়া শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা, বায়ু ও পানির মান এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ যথাযথভাবে নিশ্চিত করা না হলে আশপাশের মানুষের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে। তবে এ এলাকায় শিল্পকারখানার কারণে নির্দিষ্ট রোগের প্রকোপ বেড়েছে কি না, তা নিশ্চিত করতে পরিবেশগত ও জনস্বাস্থ্যবিষয়ক তথ্য-উপাত্ত এবং বৈজ্ঞানিক সমীক্ষা প্রয়োজন।

    এ অবস্থায় শায়েস্তাগঞ্জে শিল্পায়নের পাশাপাশি অবশিষ্ট কৃষিজমি সংরক্ষণ, পরিবেশগত প্রভাব মূল্যায়ন, নিয়মিত দূষণ পর্যবেক্ষণ এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি গুরুত্ব পাচ্ছে।

  • শায়েস্তাগঞ্জে বিপুল পরিমাণ মেহগনি চেরাই কাঠসহ ট্রাক আটক

    শায়েস্তাগঞ্জে বিপুল পরিমাণ মেহগনি চেরাই কাঠসহ ট্রাক আটক

    সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুর রহমানের নির্দেশনায় বিভাগজুড়ে অবৈধভাবে বনাঞ্চলের গাছ, কাঠ ও বাঁশ পাচার রোধে ফরেস্ট চেক স্টেশনগুলোতে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ফরেস্ট চেক স্টেশনে বিপুল পরিমাণ মেহগনি চেরাই কাঠসহ একটি ট্রাক আটক করেছে বন বিভাগ।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জের ডেপুটি ফরেস্ট রেঞ্জার মো. তোফায়েল আহমেদ চৌধুরীর নির্দেশনায় ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর এলাকায় ফরেস্ট চেক স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে বলে সন্দেহ করা প্রায় ৮০ ঘনফুট মেহগনি চেরাই কাঠসহ একটি ট্রাক আটক করা হয়।

    আটক ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৩-১৮৪২। বন বিভাগের কর্মকর্তারা জানান, কাঠের পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

    শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরী জানান, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কাঠ ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স শাহীন টিম্বার মার্টের মালিক মো. শাহীন মিয়া ওই মেহগনি চেরাই কাঠ ট্রাকে করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিশাবাড়ি এলাকার মো. রাকিবের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    তিনি আরও জানান, ট্রাকটিতে ত্রিপল দিয়ে কাঠগুলো ঢেকে রাখা হয়েছিল। অভিযানকালে মহাসড়ক থেকে কাঠসহ ট্রাকটি আটক করা হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রাক ও কাঠ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে এনে জব্দ করে হেফাজতে রাখা হয়েছে।

    বন কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সংরক্ষিত বনাঞ্চলের সম্পদ রক্ষায় ফরেস্ট চেক স্টেশনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ কর্মকাণ্ডের খবর পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বনাঞ্চলের গাছ, কাঠ ও বাঁশ উজাড়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    জব্দকৃত কাঠ ও ট্রাকের বিষয়ে বন আদালতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

  • ৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল ফেরদৌস জেমি

    ৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল ফেরদৌস জেমি

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রী ও জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি উচ্চশিক্ষার জন্য প্রায় ৭৪ লাখ টাকা (৬০ হাজার মার্কিন ডলার) বৃত্তি পেয়েছেন। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (AUW) চার বছর মেয়াদি উচ্চশিক্ষার জন্য এ বৃত্তি দেওয়া হয়েছে।

     

    বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান গত মঙ্গলবার (১৮ আগস্ট) এক চিঠির মাধ্যমে জেমিকে বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বৃত্তির আওতায় প্রতি বছর তিনি ১৫ হাজার মার্কিন ডলার করে পাবেন।

     

    জানা যায়, জেমি শায়েস্তাগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেন। পরে তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জহুর চান বিবি মহিলা কলেজে ভর্তি হন এবং ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

     

    এরপর গত ২০ জুলাই থেকে শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসের সামার স্কুল প্রোগ্রামে অংশ নেন জেমি। বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমে পরিচালিত এ প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার পর শেভরনের সহায়তায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার সুযোগ পান তিনি।

     

    জেমির পরিবার সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের মো. আফজাল আলীর বড় মেয়ে জেমি। তাঁর বাবা দাউদনগর বাজার এলাকায় ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালান। আর্থিক নানা প্রতিকূলতার মধ্যেও মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। কলেজ কর্তৃপক্ষ ও অধ্যক্ষের সহযোগিতাও জেমির শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

     

    জেমির ছোট ভাই বর্তমানে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে অধ্যয়নরত।

     

    জেমি বলেন, নিজের আগ্রহ, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের কারণেই তিনি সামার স্কুল প্রোগ্রামটি সফলভাবে শেষ করতে পেরেছেন। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়ার সুযোগ পাওয়াকে তিনি তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন।

     

    এদিকে জেমির বৃত্তি পাওয়ার খবর ছড়িয়ে পড়লে জহুর চান বিবি মহিলা কলেজ, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এ অর্জনে গর্বিত স্থানীয়রা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

  • শায়েস্তাগঞ্জে ওএমএসের পণ্য নিতে দীর্ঘ লাইন, চাহিদার তুলনায় ডিলার কম

    শায়েস্তাগঞ্জে ওএমএসের পণ্য নিতে দীর্ঘ লাইন, চাহিদার তুলনায় ডিলার কম

    নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় খোলা বাজারে (ওএমএস) বিক্রি করা চাল ও আটা কিনতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ভিড় দিন দিন বাড়ছে। চাহিদার তুলনায় ওএমএস বিক্রয়কেন্দ্র ও পণ্যের বরাদ্দ কম থাকায় প্রতিদিনই অনেক মানুষ খালি হাতে ফিরে যাচ্ছেন।

     

    শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ডের বিপরীতে ছয়জন ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হলেও বর্তমানে একজন ডিলারের মাধ্যমে পৌর এলাকায় চাল ও আটা বিক্রি করা হচ্ছে। পাশাপাশি একজন ডিলারকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কলিমনগর এলাকায় পণ্য বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে।

     

    স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন ভোর থেকেই পৌরসভা ও আশপাশের ইউনিয়ন থেকে শত শত নারী-পুরুষ ওএমএসের চাল ও আটা কিনতে দীর্ঘ লাইনে দাঁড়ান। তবে নির্ধারিত সংখ্যক ভোক্তার কাছে পণ্য বিক্রি শেষ হয়ে যাওয়ায় অধিকাংশ মানুষকে খালি হাতে ফিরে যেতে হয়।

     

    সম্প্রতি পৌরসভার হাসপাতাল সড়কের জহুর আলী মার্কেট এলাকায় একটি ওএমএস বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকেই চাল ও আটা কিনতে নারী-পুরুষের দীর্ঘ সারি। দুপুরের আগেই নির্ধারিত পরিমাণ পণ্য বিক্রি শেষ হয়ে যায়। এতে পণ্য না পাওয়া লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

     

    সংশ্লিষ্টরা জানান, একটি বিক্রয়কেন্দ্র থেকে নির্ধারিত সংখ্যক ভোক্তাকে মাথাপিছু ৫ কেজি করে চাল ও আটা দেওয়া হচ্ছে। কিন্তু চাহিদার তুলনায় ভোক্তার সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ায় সবাইকে পণ্য দেওয়া সম্ভব হচ্ছে না।

     

    ওএমএস বিক্রয়কেন্দ্রের এক ডিলার বলেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংখ্যা অনেক বেশি। এর বাইরে আশপাশের ইউনিয়ন থেকেও অনেকে পণ্য কিনতে আসেন। ফলে বিক্রয়কেন্দ্র খোলার আগেই দীর্ঘ লাইন তৈরি হয়। চাহিদা বেশি থাকায় নির্ধারিত পণ্য দ্রুত শেষ হয়ে যায়।

     

    কলিমনগর এলাকার বিক্রয়কেন্দ্রেও একই চিত্র দেখা যায় বলে স্থানীয়রা জানান। সেখানেও বরাদ্দের তুলনায় ক্রেতার সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ায় অনেকে পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন।

     

    শায়েস্তাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে শায়েস্তাগঞ্জ পৌরসভায় একটি ওএমএস বিক্রয়কেন্দ্র চালু রয়েছে। এছাড়া শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কলিমনগর এলাকায় আরও একটি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। পণ্য ও বরাদ্দ খাদ্য মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করা হয়। নতুন বিক্রয়কেন্দ্র চালু বা বরাদ্দ বাড়ানোর বিষয়টি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের এখতিয়ারভুক্ত নয়।

     

    স্থানীয় দিনমজুর মো. লাল মিয়া বলেন, ‘প্রতিদিন অনেক মানুষ ওএমএসের চাল-আটা নিতে আসেন। কিন্তু পণ্য কম থাকায় অনেকে খালি হাতে ফিরে যান। আরও বিক্রয়কেন্দ্র হলে মানুষের ভোগান্তি কমবে।’

     

    হাসপাতাল রোড এলাকার সিএনজিচালক মো. রমজান আলী বলেন, ‘পৌরসভায় আরও কয়েকটি ওএমএস বিক্রয়কেন্দ্র চালু করা প্রয়োজন। এতে ভিড় কমবে এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ সহজে চাল ও আটা কিনতে পারবেন।’

     

    স্থানীয়দের দাবি, শায়েস্তাগঞ্জ পৌরসভায় আরও অন্তত তিনটি ওএমএস বিক্রয়কেন্দ্র চালু করা হলে মানুষের ভোগান্তি কমবে। তাঁরা পুরান বাজার, থানা রোড ও দাউদনগর বাজারের মনিকা সিনেমা হলসংলগ্ন এলাকায় নতুন বিক্রয়কেন্দ্র চালুর দাবি জানিয়েছেন।

  • শায়েস্তাগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃ ত্যু

    শায়েস্তাগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃ ত্যু

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের শৈলজুড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

     

    বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো শৈলজুড়া গ্রামের মধু সরকারের ছেলে শ্রাবণ সরকার (৮) ও সৌরভ সরকার (৬)। শ্রাবণ সরকার পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

     

    স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত দুই ভাই পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজন ও স্থানীয়রা পুকুরে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

     

    দুই শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

  • কন্ডাক্টর ছিঁড়ে সিলেট অঞ্চলে ব্যাপক লোডশেডিং, কারণ জানাল বিদ্যুৎ বিভাগ

    কন্ডাক্টর ছিঁড়ে সিলেট অঞ্চলে ব্যাপক লোডশেডিং, কারণ জানাল বিদ্যুৎ বিভাগ

    সিলেট অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও আশপাশের এলাকায় চলমান ব্যাপক লোডশেডিংয়ের কারণ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ভুলতা-নরসিংদী ১৩২ কেভি সঞ্চালন লাইনের একটি গুরুত্বপূর্ণ কন্ডাক্টর ছিঁড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে ভুলতা গ্রিডের নিকটবর্তী ভুলতা-টু-নরসিংদী ১৩২ কেভি সঞ্চালন লাইনের ‘ওয়াই (Y) ফেজ’ কন্ডাক্টর ছিঁড়ে যায়। এর ফলে নরসিংদী গ্রিড উপকেন্দ্রে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

    পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ব্যবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ থেকে নরসিংদী গ্রিড উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে। তবে সঞ্চালন সক্ষমতা কমে যাওয়ায় সিলেট অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী এলাকায় ব্যাপক লোডশেডিং দিতে হচ্ছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত স্থানে পাঁচটি স্প্যানজুড়ে কন্ডাক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কন্ডাক্টর পরিবর্তনের কাজ শুরু হয়েছে। মেরামত কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করতে আগামী রোববার বা সোমবার পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

    বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গ্রাহকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে বলা হয়েছে, দ্রুততম সময়ে মেরামত কাজ সম্পন্ন করে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।

  • শায়েস্তাগঞ্জ পৌরসভায় টমটমের নতুন ভাড়া নির্ধারণ, ২০ জুলাই থেকে কার্যকর

    শায়েস্তাগঞ্জ পৌরসভায় টমটমের নতুন ভাড়া নির্ধারণ, ২০ জুলাই থেকে কার্যকর

    মো:শাহিন আহমেদ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় চলাচলকারী টমটমের ভাড়া পুনর্নির্ধারণ করেছে শায়েস্তাগঞ্জ পৌরসভা।

    যাত্রীসেবা সহজ ও সুশৃঙ্খল করতে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে নতুন ভাড়ার তালিকা নির্ধারণ করা হয়েছে।

    সোমবার (২০ জুলাই) থেকে এ ভাড়ার তালিকা কার্যকর হয়েছে।
    পৌরসভা সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌর কর্তৃপক্ষ, টমটম মালিক-শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন ভাড়ার তালিকা চূড়ান্ত করা হয়।

    নির্ধারিত তালিকা অনুযায়ী, আপ রুটে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি/থানা মোড়/রেলওয়ে পার্কিং/দাউদনগর বাজার থেকে নতুন ব্রিজ পর্যন্ত ভাড়া ১০ টাকা, রেলওয়ে পার্কিং থেকে পুরানবাজার পর্যন্ত ১০ টাকা, দাউদনগর বাজার থেকে পুরানবাজার পর্যন্ত ৫ টাকা, রেলওয়ে পার্কিং বা দাউদনগর বাজার থেকে জহুর চান বিবি মহিলা কলেজ পর্যন্ত ৫ টাকা এবং কলেজের পরবর্তী যেকোনো স্থানে ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    অন্যদিকে ডাউন রুটে নতুন ব্রিজ থেকে দাউদনগর বাজার, রেলওয়ে পার্কিং, ইসলামী একাডেমি ও থানা মোড় পর্যন্ত ভাড়া ১০ টাকা, পুরানবাজার থেকে রেলওয়ে পার্কিং পর্যন্ত ১০ টাকা, পুরানবাজার থেকে দাউদনগর বাজার পর্যন্ত ৫ টাকা, নতুন ব্রিজ থেকে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ পর্যন্ত ৫ টাকা এবং ডিগ্রি কলেজের পরবর্তী যেকোনো স্থানে ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া, উল্লেখিত রুটের চেয়ে কম দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
    শায়েস্তাগঞ্জ পৌরসভা সাধারণ যাত্রী ও টমটমচালকদের নির্ধারিত ভাড়ার তালিকা মেনে চলার আহ্বান জানিয়েছে।

    পৌর কর্তৃপক্ষের মতে, নতুন এই ভাড়ার তালিকা বাস্তবায়নের মাধ্যমে যাত্রী ও চালকদের মধ্যে ভাড়া নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ কমবে এবং পৌর এলাকায় শৃঙ্খলাপূর্ণ গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত হবে।