হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইটি পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় ঘটনায় প্রায় ২৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার কাশিমপুর ও মোড়াকরি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে কাশিমপুর গ্রামে হাল চাষের টাকা চাওয়াকে কেন্দ্র করে মাসুদুল হক ও বাবুল মিয়ার পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন— জুয়েল মিয়া (৩৫), আনানুরুল (২২), মাসুদুল হক (৫০), তামিম (১৬), জহিরুল হক (২৬), গিয়াস উদ্দিন (৪০) ও কালু মিয়া (২৫)সহ আরও কয়েকজন। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত তামিমকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে একই দিন সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার মোড়াকরি গ্রামে একটি ছেলের বাইসাইকেল চালানোকে কেন্দ্র করে আওয়াল মিয়া ও সাইফুল ইসলাম গংদের মধ্যে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৭ থেকে ৮ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন— আব্দুল আওয়াল (৪০), মন্নান (৩২), মহিবুর (৪২)সহ আরও কয়েকজন। তাদের মধ্যে কিছু আহত ব্যক্তি পার্শ্ববর্তী নাছিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


