জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চুনারুঘাট রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সংস্কার ও সেবার দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নে অবস্থিত স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যকর সেবা নিশ্চিত ও সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে এবং রাণীগাঁও এলাকার প্রবাসীদের সার্বিক সহযোগিতায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিটি সঞ্চালনা করেন জহির রায়হান।

রাণীগাঁও ইউনিয়নটি জনবহুল একটি এলাকা, যেখানে বাগান ও সমতল মিলিয়ে ৯টি ওয়ার্ডে প্রায় অর্ধলক্ষ মানুষের বসবাস। এই বিপুল জনগোষ্ঠীর জন্য রয়েছে মাত্র একটি স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্র, যা প্রায় ২৫ বছর আগে পরিত্যক্ত ঘোষণার পরও কোনো সংস্কার ছাড়াই নামমাত্রভাবে চালু ছিল।

নিয়মানুযায়ী এখানে মেডিকেল অফিসার (Family Welfare), SACMO, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, FWV (মিডওয়াইফ) এবং অন্যান্য জনবল থাকার কথা থাকলেও দীর্ঘদিন ধরে মাত্র একজন FWV দিয়ে কার্যক্রম চলছিল। তবে গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ থেকে ওই FWV মাতৃত্বকালীন ছুটিতে গেলে কেন্দ্রটি কার্যত বন্ধ হয়ে যায়।

received 1991644518095890

স্থানীয়রা জানান, মেডিকেল অফিসার পদ থাকলেও দীর্ঘদিন ধরে কেউ দায়িত্ব পালন করছেন না। ঝুঁকিপূর্ণ ভবন, অবকাঠামোগত দুর্বলতা এবং প্রয়োজনীয় সংস্কারের অভাবে চিকিৎসকরা এখানে আসতে অনাগ্রহী বলে জানা যায়।

এছাড়া, হাসপাতাল এলাকার অধিকাংশ জায়গা প্রভাবশালীদের দখলে থাকায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ বারবার ব্যাহত হয়েছে। পূর্বে দুইবার বরাদ্দ এলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

ফলে স্থানীয়রা এখন সামান্য অসুস্থতা হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে গর্ভবতী নারী ও নবজাতকরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলে বক্তারা উল্লেখ করেন।

মানববন্ধন থেকে দ্রুত নতুন ভবন নির্মাণ, পুরাতন ভবনের সংস্কার এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিতের জোর দাবি জানানো হয়।

Share this news as a Photo Card