৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে নবীগঞ্জ উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে দারুল হিকমাহ্ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা।
‘কাঙ্ক্ষিত শহর’ শিরোনামের এই প্রকল্পটি একটি আধুনিক, পরিকল্পিত ও টেকসই শহরের রূপরেখা তুলে ধরে, যা নাগরিকদের দৈনন্দিন জীবনকে আরও নিরাপদ, আরামদায়ক ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।প্রকল্পটিতে রেইন ওয়াটার হারভেস্টিং, কৃষি বিদ্যুৎ ব্যবস্থা, কলকারখানার বর্জ্য রিসাইক্লিং, ছাদ কৃষি, জৈব সার উৎপাদন কারখানা এবং উলম্ব খামারের মতো গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকল্পটির সাফল্যের পেছনে মাদ্রাসার বিএসসি শিক্ষক মাহমুদুর রহমান চৌধুরীর দিকনির্দেশনা বিশেষ ভূমিকা রেখেছে। তিনি শিক্ষার্থীদের রসায়ন, পদার্থ ও জীববিজ্ঞানের পাঠদান যেমন দক্ষতার সঙ্গে পরিচালনা করেন, তেমনি প্রকল্প প্রণয়নে সুপরিকল্পিত নির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে গেছেন।
এছাড়াও মাদ্রাসার অধ্যক্ষ সার্বক্ষণিক তত্ত্বাবধানের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতা প্রদান করেন। প্রকল্প সম্পন্নের পর শিক্ষার্থীদের আপ্যায়নের ব্যবস্থাও করেন তিনি।
শিক্ষার্থীরা এই অর্জনের জন্য মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তাদের সহপাঠীদের সম্মিলিত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছে।


