হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে ইট পড়ে মকসুদ মিয়া (৩০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্বগড় মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বগড় মহল্লার নবী হোসেন মিয়ার বাড়িতে ভ্যানগাড়িতে করে পানির ট্যাংকি ও অন্যান্য মালামাল পৌঁছে দেন শ্রমিক মকসুদ মিয়া। রাস্তায় ভ্যানটি দাঁড় করিয়ে মালামাল নামানোর সময় হঠাৎ করে বাড়িটির দ্বিতীয় তলা থেকে কয়েকটি ইট নিচে পড়ে। এর মধ্যে একটি ইট তার মাথার পাশে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে বাড়ির মালিক ও আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রথমদিকে আহত শ্রমিকের পরিচয় জানা না গেলেও তার ভ্যানে লেখা একটি মোবাইল নম্বরে যোগাযোগ করলে জানা যায়, নিহতের নাম মকসুদ মিয়া (৩০)। তিনি বানিয়াচং উপজেলার ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের শেখের মহল্লা গ্রামের মৃত আতাউর উল্লাহর ছেলে।
খবর পেয়ে নিহতের বড় ভাই হাসপাতালে এসে ভাইয়ের মরদেহ দেখতে পান। তিনি জানান, মকসুদ মিয়ার দুটি ছোট শিশু সন্তান রয়েছে। তার মৃত্যুর ফলে পরিবারটি চরম অসহায় হয়ে পড়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বানিয়াচং থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।


