হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরশহরে যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে নম্বর প্লেটবিহীন ব্যাটারিচালিত ১৪০টি অবৈধ টমটম আটক করেছে শায়েস্তাগঞ্জ পৌরসভা।
সোমবার (১৩ জুলাই) দুপুরে পৌরসভার সামনে থেকে পরিচালিত এ অভিযানে পৌরসভার একটি টিম শহরের প্রধান সড়কে চলাচলকারী টমটমের কাগজপত্র ও নম্বর প্লেট যাচাই-বাছাই করে। এ সময় নম্বর প্লেটবিহীন ১৪০টি টমটম আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল জিসান জানান, পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরীর নির্দেশনায় শহরের যানজট নিরসন এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি যানজট সৃষ্টিকারী অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য সড়ক উন্মুক্ত করা হচ্ছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানের পর শায়েস্তাগঞ্জ টমটম মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পৌরসভা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, যেসব টমটম এখনও নম্বর প্লেট ছাড়া অবৈধভাবে চলাচল করছে, সেগুলো আগামী ২০ জুলাইয়ের মধ্যে পৌরসভার বকেয়া পরিশোধসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বৈধ নম্বর প্লেট গ্রহণ করবে।
এ প্রতিশ্রুতির ভিত্তিতে মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের জিম্মায় আটক টমটমগুলো ছেড়ে দেওয়া হয়।
অভিযানে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্যদের পাশাপাশি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

