জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের লাখাই উপজেলায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন থানা মসজিদের ইমাম মাওলানা মহিবুর রহমান এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।

সভায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য এবং জুলাই শহীদদের আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা মামুনুর রশীদ, জুলাই শহীদ কারিমুলের মা মমরাজ বিবি এবং জুলাই যোদ্ধা বাহার উদ্দিনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের ফলেই আজকের নতুন বাংলাদেশের পথ উন্মোচিত হয়েছে। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার চেতনা বাস্তবায়ন এবং শহীদদের আদর্শ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিবুর রহমান।