বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দল (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত হবিগঞ্জ – ৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ বলেছেন, “হবিগঞ্জকে দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে হলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।”
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) হবিগঞ্জ শহরের ঈদগাহ পয়েন্ট থেকে জনসংযোগ শুরু করে শহর প্রদক্ষিণ শেষে মোতালিব চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ কাজী মহসিন বলেন, “দেশের মানুষ আজ পরিবর্তন চায়। লুটপাট, দলীয়করণ ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র পরিনত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিসুর রহমান। তিনি বলেন, “ইনসাফ ও সুশাসনের রাজনীতি জামায়াতই করে। জনগণ যদি দাঁড়িপাল্লাকে বিজয়ী করে, তবে হবিগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।”
সদ্য জামায়াতে যোগদানকৃত গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি পদ থেকে পদত্যাগকারী, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, “সততা ও ন্যায়নিষ্ঠ রাজনীতির টানেই আমি জামায়াতে যোগ দিয়েছি। এই দলই দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারবে।”
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদ সদস্য মুহিবুর রহমান এবং হবিগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর আতিকুল ইসলাম সোহাগ ও অন্যান্য।
পথসভায় উপস্থিত নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে অধ্যক্ষ কাজী মহসিন আহমদকে বিজয়ী করার আহ্বান জানান। সভা শেষে প্রার্থীর নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ চালানো হয়।

