জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সুতাং নদীর ওপর একটি ব্রিজের অভাব: থমকে আছে লাখাইয়ের বিশাল এক জনপদের ভাগ্য

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজার সংলগ্ন সুতাং নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ৬ নম্বর বুল্লা ইউনিয়নসহ ভাটি অঞ্চলের অন্তত ২০-২৫টি গ্রামের মানুষ।

স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই এলাকায় উন্নয়নের ছোঁয়া না লাগায় হতাশা বাড়ছে স্থানীয়দের মাঝে।

স্থানীয়দের অভিযোগ, জেলা শহর কিংবা উপজেলা সদরে যাতায়াতের জন্য বুল্লা বাজারই একমাত্র পথ। কিন্তু সুতাং নদীতে ব্রিজ না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হচ্ছে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেয়।

এছাড়া কৃষিপণ্য পরিবহনে বাড়তি খরচ ও ভোগান্তির কারণে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে পুরো জনপদ। এমনকি ব্রিজ না থাকায় উপজেলার একটি অংশ সরাসরি লাখাই সদরের সঙ্গে যোগাযোগ করতে পারছে না বলেও অভিযোগ রয়েছে।

এর আগে একাধিকবার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ এবং স্থানীয়ভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নবনির্বাচিত সংসদ সদস্য ও হুইপ জি কে গউছ-এর ওপর নতুন করে আশা দেখছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা বলেন, “অনেক প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু ব্রিজ পাইনি। এখন আমাদের শেষ ভরসা জি কে গউছ। তাঁর মাধ্যমেই আমরা সুতাং নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ দেখতে চাই।”

এ বিষয়ে ৬ নম্বর বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ জানান, এই ব্রিজটি ভাটি অঞ্চল তথা বুল্লা ইউনিয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নির্মাণ হলে কৃষকদের দুর্ভোগ কমবে এবং হাট-বাজার, উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগ সহজ হবে।

তিনি আরও জানান, অতীতে এই ব্রিজ নির্মাণের জন্য মাপজোক ও সয়েল টেস্ট সম্পন্ন হলেও অজ্ঞাত কারণে কাজটি বাস্তবায়ন হয়নি।