ঐতিহ্যবাহী নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কোষাধ্যক্ষ পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টায় নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সভাপতি এস. আর. চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার সঞ্চালনায় চলতি বছরের (জুলাই-ডিসেম্বর) মেয়াদের জন্য সভাপতি হিসেবে সাংবাদিক এম এ বাছিত এবং কোষাধ্যক্ষ হিসেবে সাংবাদিক শাহরিয়ার আহমেদ শাওন-এর কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ ছাবির আহমদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, সাবেক জেলা পরিষদ সদস্য শেখ শফিকুজ্জামান শিপন, সাবেক সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, বিদায়ী কোষাধ্যক্ষ সাগর আহমদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ও কোষাধ্যক্ষ—উভয় পদেই সমান সংখ্যক ভোট পড়ে। পরবর্তীতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উভয় পদের দায়িত্ব নির্বাচিত প্রার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। সে অনুযায়ী প্রথম ছয় মাস সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক এস. আর. চৌধুরী সেলিম এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক সাগর আহমদ।
নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের অবশিষ্ট ছয় মাসের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ বাছিত এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দৈনিক সকাল-এর নবীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আহমেদ শাওন।

