হবিগঞ্জ জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা পরিদর্শন করেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভা শেষে জেলা প্রশাসক বজ্রপাতে নিহত এক ব্যক্তির পরিবারের মাঝে ২৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। পাশাপাশি উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।




