হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহরের পুরান বাজার ও ড্রাইভার বাজার এলাকায় পৌরসভার নির্মিত সেডের বাইরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা।
বুধবার (৩ জুন) সকাল ১১টা থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বানী চৌধুরী।
জানা যায়, পৌরসভার নির্মিত বাজার সেডের বাইরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন দোকানপাট স্থাপন করা হয়েছিল। এতে সেডের ভেতরে থাকা বৈধ ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। একাধিকবার অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও তা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও সহকারী প্রকৌশলী নাজমুল জিসান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, আনসার সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, উচ্ছেদকৃত স্থানে পুনরায় অবৈধভাবে দোকানপাট স্থাপন করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

