হবিগঞ্জের লাখাই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ প্রতিরোধে বুল্লা ইউনিয়নে বীট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার বুল্লাবাজার সংলগ্ন হযরত শাহ বায়েজিদ (রঃ) মাজার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস)-এর সভাপতি মোহাম্মদ বাদশা মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বুল্লা ইউনিয়ন বীট পুলিশিংয়ের বীট অফিসার মোহাম্মদ জিয়া উদ্দিন ও এএসআই ওয়াশিম খান।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও করণীয় বিষয়ে বক্তব্য দেন লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল মোতালেব খান, তথ্য ও প্রকাশনা সম্পাদক সামছুল ইসলাম সমসু, করাব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ এবং বুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ছুরে রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি শরীফ আহমেদ বলেন, লাখাই উপজেলার প্রতিটি ইউনিয়নকে মদ, গাঁজা, ইয়াবা ও ইভটিজিংমুক্ত করতে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করছে। গোষ্ঠীগত দ্বন্দ্ব, সংঘাত ও দাঙ্গা প্রতিরোধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন এবং দাঙ্গা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।”

