জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ইসলামের প্রকৃত আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে দায়িত্বশীলদের দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে: হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

 

বাংলাদেশ আনজুমান আল ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, ইসলামের প্রকৃত আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ আনজুমান আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমান তালামীযে ইসলামিয়ার কর্মীদের আরও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, তালামীযে ইসলামিয়া একটি মকবুল সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি ছাত্রসমাজের মধ্যে ইসলামী আদর্শ প্রচারের মাধ্যমে একঝাঁক মর্দে মুমিন তৈরি করেছে, যারা দেশ-বিদেশে দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছেন এবং গ্রহণযোগ্য নেতৃত্বের পরিচয় দিচ্ছেন। সংগঠনটি শিক্ষাঙ্গনে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার (১০ জুন) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরশহরের থানা রোডস্থ আল খলিফা কনভেনশন হলে বাংলাদেশ আনজুমান আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমান তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ দক্ষিণ অঞ্চল আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

IMG 20260610 WA0009

তিনি আরও বলেন, প্রায় অর্ধশতাব্দীর ইতিহাসে তালামীযে ইসলামিয়া কখনো আদর্শচ্যুত হয়নি। সকল প্রতিকূলতা উপেক্ষা করে সংগঠনটি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা-বিশ্বাস ও ইসলামের সুমহান আদর্শ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছে।

হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, শামসুল উলামা হযরত আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.) ইসলামের বিশুদ্ধ আকীদা ও কুরআনের শুদ্ধ তিলাওয়াত প্রচারে অসামান্য অবদান রেখেছেন। বহু প্রতিকূলতার মুখোমুখি হয়েও তিনি রাসূল (সা.)-এর আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁর আত্মত্যাগ ও অবদানের কারণেই তিনি মুজাদ্দিদে যামান হিসেবে পরিচিতি লাভ করেছেন।

তিনি বলেন, ইসলামের সৌন্দর্য তখনই ফুটে উঠবে, যখন একজন মুসলমান ইসলামী আদর্শকে নিজের জীবনে ধারণ করবে এবং গর্বের সঙ্গে মুসলমান হিসেবে পরিচয় দেবে। প্রকৃত মুসলমান তৈরির কাজই তালামীযে ইসলামিয়া করে যাচ্ছে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। উদ্বোধক ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।

হবিগঞ্জ দক্ষিণ অঞ্চল দায়িত্বশীল সমাবেশ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মুফতি আহমদ কবিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ এহতেরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাবেক সভাপতি মুফতি মাওলানা বেলাল আহমদ, আনজুমান আল ইসলাহ হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আহমদ, তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমানসহ বিভিন্ন উপজেলা ও জেলার নেতৃবৃন্দ।

এসময় হবিগঞ্জ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন শাখার দায়িত্বশীল, কর্মী এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।