জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন: সভাপতি ডা. কামরুল, সম্পাদক জসিম

জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে অধ্যাপক ডা. কামরুল ইসলাম তরফদার সভাপতি এবং অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

নির্বাচনের ফলাফল অনুযায়ী সভাপতি পদে অধ্যাপক ডা. কামরুল ইসলাম তরফদার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পান ৫৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পান ৭২১ ভোট।

সহ-সভাপতি (জালালাবাদ) পদে মো. এহছানে এলাহী, সহ-সভাপতি (সিলেট) পদে তোফায়েল খান, সহ-সভাপতি (মৌলভীবাজার) পদে আব্দুল মজিদ চৌধুরী, সহ-সভাপতি (সুনামগঞ্জ) পদে আকবর হোসেন মঞ্জু, সহ-সভাপতি (হবিগঞ্জ) পদে আনোয়ার হোসেন চৌধুরী এবং সহ-সভাপতি (মহিলা) পদে ডা. সামিয়া মুবিন বিজয়ী হয়েছেন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে রিপন কবির লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে অ্যাডভোকেট আবুল কালাম, দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজল, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করীম, শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে নেছার আলী, ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক পদে ক্যাপ্টেন মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পদে ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা, আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক পদে ডা. আবুল কালাম চৌধুরী এবং প্রচার, প্রকাশনা ও তথ্যবিষয়ক সম্পাদক পদে সৈয়দ তানজিল মুকতাদির নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে জালালাবাদ অঞ্চল থেকে নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী, ড. সৈয়দ শাহ এমরান, বিচারপতি ড. আবু তারিক, তাহমিনা আহাদ রুজি, লে. কর্নেল এ কে এম নাজিমুল ইসলাম, সোনাহর আলী (শরীফ), আব্দুল মুকিত ও সিরাজুল ইসলাম শামীম। সিলেট অঞ্চল থেকে আল আজাদ ও ইন্তেজার চৌধুরী, মৌলভীবাজার অঞ্চল থেকে ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ ও হাবিবুর রহমান বাবলা, হবিগঞ্জ অঞ্চল থেকে আফছার চৌধুরী ও আব্দুল মজিদ এবং সুনামগঞ্জ অঞ্চল থেকে মল্লিক আহসান সামি ও মোকাম্মেল চৌধুরী মেনন সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। তারা সংগঠনের ঐতিহ্য, ঐক্য ও সেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকায় বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন হিসেবে জালালাবাদ অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে শিক্ষা, সংস্কৃতি, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সদস্যদের মধ্যে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।