হৃদয় এস এম শাহ আলম: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বহনকারী সরকারি জিপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে যানবাহন দুটির ব্যাপক ক্ষতি হলেও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, গাড়িচালক ও দেহরক্ষী আনসার সদস্যরা অক্ষত রয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা কার্যালয় থেকে হবিগঞ্জে মাসিক সভায় যোগ দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবপুর উপজেলা থেকে হবিগঞ্জের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-০৯৩৬) ইউএনওকে বহনকারী সরকারি জিপের (হবিগঞ্জ-১৬-১০৬৮) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের পর সরকারি জিপটি সড়কের পাশে চলে যায়। এ সময় পেছনে থাকা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-৮৬২৪)ও ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।


