হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের মহিমাউড়া গ্রামে অবস্থিত একটি ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান— শাহ আব্দাল (রহঃ) ইসলামী একাডেমি এন্ড হাই স্কুল। বহু কষ্ট আর সংগ্রামের মাধ্যমে ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি এক ভয়াবহ দুর্যোগের শিকার।
গত ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে আকস্মিক তীব্র ঝড় ও ঘূর্ণিঝড়ে স্কুলটির টিনের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। মুহূর্তের মধ্যে টিনের ছাউনি, কাঠামো উড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে। শুধু ভবনই নয়, স্কুলের ভিতরে থাকা লাইব্রেরির মূল্যবান বই, ফ্যান, বেঞ্চসহ নানা শিক্ষা উপকরণও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা আবুল কাশেম ফজলুল হক সুমন, যিনি নিজেও একজন শারীরিক প্রতিবন্ধী, চোখে অশ্রু নিয়ে কাতর কন্ঠে জানান—
“এই স্কুলটা আমার জীবনের স্বপ্ন। গরীব ও এলাকার বাচ্চাদের জন্য কিছু করতে চেয়েছিলাম। আজ সবকিছু এক ঝড়ে শেষ হয়ে গেল।”
প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই স্কুলটি একটি অলাভজনক দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান। বর্তমানে এখানে ৯ জন শিক্ষক/শিক্ষিকা কর্মরত আছেন এবং প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান চালু রয়েছে।
উল্লেখ্য, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পূর্বে পিএসসি ও জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে A+ এবং সরকারি / বেসরকারি বৃত্তি অর্জন করেছে, যা স্কুলটির মানসম্মত শিক্ষার প্রমাণ বহন করে।
বর্তমানে স্কুলটির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হওয়ার উপক্রম। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বিত্তবান ব্যক্তি ও সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগীতার আহব্বান জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
একটি ঝড়ে শুধু একটি ঘর ভেঙে যায়নি—ভেঙে গেছে অসংখ্য গরীব শিক্ষার্থীর স্বপ্ন। এখন সময় সহমর্মিতার, সময় পাশে দাঁড়ানোর।

