সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)-এর নির্দেশে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর হিল রিজার্ভ এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে পরিবহন করা বাঁশসহ দুটি ট্রাক আটক করেছে শায়েস্তাগঞ্জ রেঞ্জ বন বিভাগ।
জানা যায়, শনিবার (২৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ফরেস্ট চেক স্টেশনের কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নবীগঞ্জ উপজেলার দিনারপুর হিল রিজার্ভ এলাকা থেকে বিপুল পরিমাণ বাঁশবোঝাই দুটি ট্রাক আটক করা হয়।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আটক দুটি ট্রাক ও বাঁশ শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে জব্দ করা হয়। বর্তমানে এগুলো বন বিভাগের হেফাজতে রয়েছে।
হবিগঞ্জ রেঞ্জের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)-এর নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জের বনাঞ্চলে চোরাই গাছ ও বাঁশের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি দিনারপুর হিল রিজার্ভ এলাকা থেকে বিপুল পরিমাণ বাঁশসহ দুটি ট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক দাবি করেন, শায়েস্তাগঞ্জ রেঞ্জের বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী চোরাই গাছ ও বাঁশ উদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করছেন। তাদের ভাষ্য, অপরাধী যেই হোক, তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেন।
তারা আরও অভিযোগ করেন, বন বিভাগের অভিযান ও সরকারি সম্পদ উদ্ধারের কারণে একটি মহল বিভিন্নভাবে বন কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির চেষ্টা করছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আটক বাঁশ ও দুটি ট্রাকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


