হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াহাটি বাজার এলাকা থেকে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কাটা বিপুল পরিমাণ মূলী বাঁশসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে বন বিভাগ।
সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হবিগঞ্জের রঘুনন্দন রেঞ্জের অধীন জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এসব বাঁশ ও বাঁশ পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৬-৮০৬৩।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে নোয়াহাটি বাজার এলাকার সড়কে অভিযান পরিচালনা করেন জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মীরা। এ সময় চোরাই মূলী বাঁশবোঝাই মিনি ট্রাকটি আটক করা হয়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ট্রাকটি উদ্ধার করে জগদীশপুর ফরেস্ট বিট কাম অফিসে হেফাজতে রাখা হয়।
জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, “সিলেট বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশনায় সংরক্ষিত বনের সম্পদ রক্ষায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ কর্মকাণ্ডের খবর পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিয়ে থাকি। বন উজাড়কারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি নোয়াহাটি বাজারসংলগ্ন সড়ক থেকে অবৈধ মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন বনাঞ্চল থেকে রাতের আঁধারে বালু, গাছ ও বাঁশ কেটে পাচার করছে একটি চক্র। সাম্প্রতিক সময়ে বনাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, গাছ কাটা ও বাঁশ পাচারের ঘটনায় প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে।
স্থানীয়রা আরও জানান, জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা সততা ও সাহসিকতার সঙ্গে বনসম্পদ রক্ষায় দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে ইতিপূর্বে অভিযান চালিয়ে চোরাই কাঠ ও বাঁশ উদ্ধারসহ একাধিক মামলা করা হয়েছে।
জব্দ করা মিনি ট্রাক ও বাঁশের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বন বিভাগ।


