জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে জনতার হাতে আটক দুই ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোহাম্মদ ইনজামামুল হক (নাঈম): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় মাদকসেবন ও মাদক ব্যবসার অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাদের উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত উভয় অভিযুক্তকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব লেজ্জাপাড়া এলাকার সুমন মিয়া (৩৫), পিতা: আব্দুল হামিদ এবং বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কাইটপাড়া গ্রামের মো. মকসুদ মিয়া (৩৭), পিতা: মৃত আব্দুল জলিল।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শান্ত বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনসচেতনতার পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফাহিম হোসেন বলেন, “মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জনসাধারণের সহযোগিতায় শায়েস্তাগঞ্জকে মাদকমুক্ত করা সম্ভব।”

অভিযানে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।