মো: ইবাদুর রহমান: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টানা তিন দিন ধরে চলা ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের কারণে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি ও মেইন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে শহরাঞ্চল ছাড়া উপজেলার অধিকাংশ গ্রামাঞ্চলে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া বা লাইন ছিঁড়ে যাওয়ার মতো জরুরি পরিস্থিতি জানাতে ইনাতগঞ্জের বিদ্যুৎ সাব-জোনাল অফিসের জরুরি নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও অধিকাংশ সময়ই নম্বরগুলো ব্যস্ত পাওয়া যাচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে পড়েছেন ভুক্তভোগী গ্রামবাসী।
তাদের দাবি, জরুরি নম্বর সবসময় ‘বিজি’ থাকায় কেউ অভিযোগ জানাতে পারছেন না এবং দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
স্থানীয়দের মতে, একটি জরুরি সেবা প্রতিষ্ঠানের নম্বর এভাবে অকার্যকর থাকা চরম দায়িত্বহীনতার পরিচয়। দ্রুত সমস্যার সমাধান এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে এ অভিযোগ তুলে ধরা হয়েছে।

