মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে সামনে রেখে বানিয়াচং উপজেলার প্রাণকেন্দ্র বড় বাজারে এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার আয়োজিত এ কর্মসূচিতে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু মনসুর শাখাওয়াত হাসান জীবন-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন সড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
অভিযানে বানিয়াচং ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এলাকাকে পরিচ্ছন্ন রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন।
এ সময় উপস্থিত এমপি আবু মনসুর শাখাওয়াত হাসান জীবন বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে। তিনি উল্লেখ করেন, সচেতনতামূলক এ ধরনের কার্যক্রম একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

