আবদুর রউফ আশরাফ ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়ন যুব জমিয়তের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘ঈদ পুনর্মিলনী ও শিক্ষা সফর-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) জেলার অন্যতম প্রাকৃতিক পর্যটন কেন্দ্র ‘সাতছড়ি জাতীয় উদ্যান’ – এ আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক তরুণ, ওলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
৭নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সালমান আহমদের সৌজন্যে আয়োজিত এই শিক্ষা সফর শুধু আনন্দ ভ্রমণেই সীমাবদ্ধ ছিল না; বরং ইসলামি সংস্কৃতি, সামাজিক সচেতনতা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির একটি ব্যতিক্রমী আয়োজন হিসেবে প্রশংসিত হয়।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষামূলক ও আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল হামদ পরিবেশন, কুরআন তেলাওয়াত, উপস্থিত বক্তব্য, কুইজ প্রতিযোগিতা, রশি টান, হাঁড়ি ভাঙা এবং কনিষ্ঠ সদস্যদের জন্য ভাগ্য পরীক্ষা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের শিক্ষা সফর তরুণদের মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সমসাময়িক সামাজিক ও ধর্মীয় নানা বিষয়ে আলোচনা অংশগ্রহণকারীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
দিনশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।

