জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হাওরের বুকে বজ্রপাত: ধান কাটতে গিয়ে কৃষকের করুণ মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বোরো ধান কাটার ব্যস্ততার মাঝেই নেমে এলো শোকের ছায়া। কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুনাম উদ্দিন ওই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুনাম উদ্দিন প্রতিদিনের মতো বোরো ধান কাটতে হাওড়ে যান।

কাজের একপর্যায়ে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় কালবৈশাখী ঝড়। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টি নামলে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের কৃষকরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোরো মৌসুমে ফসল ঘরে তোলার আনন্দের সময় এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতের বাড়িতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর ভিড় দেখা গেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

পরিবারের সদস্যরা জানান, যে সময়ে ঘরে নতুন ধান ওঠার কথা, ঠিক সেই সময়ই তাদের পরিবারে নেমে এলো অপূরণীয় ক্ষতি। গ্রামবাসীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।