হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় গভীর রাতে বন বিভাগের বিশেষ অভিযানে অবৈধ আকাশমণি গোলকাঠসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নির্দেশনায় গত রাত আনুমানিক ১২টার দিকে অভিযান পরিচালনা করা হয়।
চুনারুঘাট বিট কর্মকর্তা মিনহাজ উদ্দিনের নেতৃত্বে পুটিজুরি বিটের সায়হাম গেট এলাকায় অভিযান চালিয়ে নম্বরবিহীন একটি সিএনজি আটক করা হয়।
পরে গাড়িটি তল্লাশি করে ৭ টুকরা অবৈধ আকাশমণি গোলকাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের পরিমাণ প্রায় ১১ দশমিক ৮৯ ঘনফুট বলে জানিয়েছে বন বিভাগ।
অভিযান চলাকালে বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে গাছ চোর চক্রের সদস্য ও সিএনজি চালক দ্রুত পালিয়ে যায়।
জব্দকৃত কাঠসহ সিএনজি বর্তমানে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রয়েছে। এ ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




