জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ঢাবিতে হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের নেতৃত্বে বর্ণ, মাহমুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন “ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব হবিগঞ্জ (ডুসাহ)” এর নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী বিক্রমাদিত্য ভট্টাচার্য্য বর্ণ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আবু সালেহ মাহমুদ।

গত শনিবার সংগঠনের সদ্য সাবেক সভাপতি মেহেদী হাসান তুষার এবং সাধারণ সম্পাদক গোলাম শাফিউল আলম মাহিন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে সংগঠনটির বর্তমান সভাপতি বিক্রমাদিত্য ভট্টাচার্য্য বর্ণ বলেন, ডুসাহ শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের মেলবন্ধনের একটি প্রতীক। শিক্ষার্থীদের কল্যাণে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। অল্প কিছুদিনের মধ্যেই আমরা আমাদের কমিটি পূর্ণাঙ্গ করব।

এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সালেহ মাহমুদ বলেন, হবিগঞ্জ জেলা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি জেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী হবিগঞ্জ জেলা থেকে আসেন। আমরা হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের কল্যাণে এবং উচ্চশিক্ষার জন্য হবিগঞ্জের স্থানীয় শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করব।

উল্লেখযোগ্য যে, গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবছর সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন – ঝলক দাস এবং বিক্রমাদিত্য ভট্টাচার্য্য বর্ণ এবং সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, সমাজ সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি পরিচালনার মাধ্যমে একটি ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।