হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার এলাকায় এক পরিবারের ওপর ধারাবাহিক হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভুক্তভোগী রিফা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগে জানা যায়, রিফা বেগমের দাবি অনুযায়ী, দীর্ঘদিন ধরে সাহেদ গ্রুপ নামে পরিচিত একটি পক্ষ বিভিন্ন সময়ে তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আসছে। এসব ঘটনার কারণে পরিবারের সদস্যরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
সর্বশেষ ঘটনার পর রিফা বেগম সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দাও ঘটনাটি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এই ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আবুল হাসান বলেন, গতকাল হবিগঞ্জ জেলায় একটা প্রোগ্রামে ছিলাম, এবং সেখানে থাকার কারণে এই বিষয়ে অবগত নই।



