জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাহুবলে কাঠ পাচারকালে বন প্রহরীদের গুলি, ৭.৭৩ ঘনফুট আকাশমণি কাঠসহ সিএনজি জব্দ

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বন বিট এলাকা থেকে কাঠ পাচারের সময় বন প্রহরীদের সঙ্গে পাচারকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বন প্রহরীরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে ঘটনাস্থল থেকে ৬ টুকরো আকাশমণি কাঠ, যার পরিমাণ ৭.৭৩ ঘনফুট, এবং কাঠ পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে বন বিভাগ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জের আওতাধীন বাহুবল উপজেলার পুটিজুরী বন বিট এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুর রহমানের নির্দেশনায় সরকারি বনজ সম্পদ রক্ষা ও বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণে মাঠপর্যায়ে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ ও চেক স্টেশন কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে পুটিজুরী বন বিট কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ টহলের নির্দেশ দেন।

নির্দেশনা অনুযায়ী বন কর্মকর্তা ও কর্মচারীরা বনাঞ্চলে বিশেষ টহল পরিচালনাকালে দেখতে পান, কয়েকজন ব্যক্তি সিএনজি অটোরিকশাযোগে বনাঞ্চল থেকে আকাশমণি কাঠ পাচার করছেন। বন প্রহরীরা তাদের বাধা দিলে তারা হামলার চেষ্টা করে বলে বন বিভাগ জানিয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বন প্রহরীরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে পাচারকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে ২০০৬-০৭ সালের বনাঞ্চলের ৬ টুকরো আকাশমণি কাঠ, যার পরিমাণ ৭.৭৩ ঘনফুট, এবং পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ-থ-১১-৩৬১৪) উদ্ধার করে জব্দ করা হয়।

জব্দ করা কাঠ ও সিএনজি অটোরিকশাটি বর্তমানে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বন বিভাগ জানিয়েছে।