হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও শুমারির ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন বঞ্চিতদের একাংশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও সমাজসেবা কার্যালয় ঘেরাও করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের শুমারি ও তথ্য সংগ্রহের দায়িত্বে এমন কয়েকজনের নাম এসেছে, যাদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের পর বৃহস্পতিবার তারা উপজেলা পরিষদে অবস্থান নিয়ে ফলাফল বাতিল বা পুনর্বিবেচনার দাবি জানান।
বিক্ষোভের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভকারীদের কেউ কেউ ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উপজেলা পরিষদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় ইউএনও কার্যালয়ের সামনে কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গে কর্মকর্তাদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক যুবককে ইউএনওর সঙ্গে উচ্চবাচ্য করতে দেখা গেছে।
বিক্ষোভের খবর পেয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে ফ্যামিলি কার্ডের সংশ্লিষ্ট ফলাফল স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সমাজসেবা কার্যালয়ে হামলা, ভাঙচুর বা সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী এবং বানিয়াচং থানার ওসি নাজমুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি।


