হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ১৩ নম্বর মন্দরী ইউনিয়ন যুবলীগের সভাপতি আফজাল আনসারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আফজাল আনসারি (৫৭) উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মৃত সিরাজ আনসারীর ছেলে। তিনি ১৩ নম্বর মন্দরী ইউনিয়ন যুবলীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে উত্তর সাঙ্গর বাজারে সবজি কেনার সময় বানিয়াচং থানা পুলিশ তাকে আটক করে। প্রাথমিকভাবে স্থানীয়দের মধ্যে তার গ্রেপ্তারের কারণ নিয়ে বিভিন্ন আলোচনা থাকলেও তাৎক্ষণিকভাবে পুলিশ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
পরে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১২টা ৫৮ মিনিটে মুঠোফোনে আফজাল আনসারিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আফজাল আনসারির বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামার একটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। ওই মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর সাঙ্গর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, মঙ্গলবার তাকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তবে স্থানীয় সূত্রের দাবি, আফজাল আনসারির বিরুদ্ধে অতীতে একাধিক মামলা থাকলেও সেসবের অধিকাংশে তিনি নামীয় আসামি ছিলেন না। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে পৃথকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


