হবিগঞ্জের মাধবপুরে ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান ও একমাত্র পলাতক আসামি ফয়সল মিয়াকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে হবিগঞ্জ সদর মডেল থানার ধুলিয়াখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফয়সল মিয়া মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের মো. দেওয়ান আলীর ছেলে। সে বিবাহিত এবং দুই সন্তানের জনক।
ঘটনার বিবরণ:
র্যাব জানায়, ভিকটিম শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। একই গ্রামের বাসিন্দা হওয়ার সুবাদে ফয়সল ভিকটিমের বাবাকে শায়েস্তাগঞ্জ প্রাণ কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। সেই সূত্র ধরে তাদের বাড়িতে যাতায়াত ছিল ফয়সলের। গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে ফয়সল ভিকটিমকে প্রলোভন দেখিয়ে তার নতুন বাড়িতে ডেকে নেয় এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
র্যাবের অভিযান:
এই ঘটনায় ভিকটিমের পিতা মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প)-এর একটি দল ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে ঘাতক ফয়সলকে ধুলিয়াখাল এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



