জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

৩ দিনের নোটিশে ফ্যামিলি কার্ড শুমারি লোকবল নিয়োগ নিয়ে সমালোচনা

সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় মাত্র তিন দিনের নোটিশে ফ্যামিলি কার্ড শুমারির জন্য লোকবল নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শহিদুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে ২৩ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে লোকবল নিয়োগের নির্দেশনা দেওয়া হলে সংশ্লিষ্ট জেলা-উপজেলাগুলোতে তড়িঘড়ি করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

তবে এত স্বল্প সময়ের মধ্যে আবেদনকারীদের কাছে তথ্য পৌঁছানো এবং মাঝখানে শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় আবেদন প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এতে অনেক আগ্রহী প্রার্থী আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।

জানা গেছে, ২২ জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ২৫ জুলাই পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এত অল্প সময়ে প্রস্তুতি নেওয়া কঠিন বলে জানিয়েছেন প্রার্থীরা। এছাড়া আবেদন ফরম সমাজসেবা অফিসে অফিস চলাকালীন সময়ে জমা দিতে বলা হলেও ছুটির কারণে কার্যত সময় আরও সীমিত হয়ে পড়েছে।

আবেদনকারীদের দাবি, সবার অংশগ্রহণ নিশ্চিত করতে সময়সীমা বৃদ্ধি করা হোক এবং নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করা প্রয়োজন।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান বলেন, “এটি বিভাগীয় কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে, আমাদের করার কিছু নেই।”

মাধবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরাশউদ্দিন বলেন, “এটি একেবারেই অযৌক্তিক সিদ্ধান্ত। এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। যোগ্য প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সময় বাড়ানো প্রয়োজন।”

এ বিষয়ে জানতে সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।