জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

পরিবেশ রক্ষা না হলে ঝুঁকিতে পড়বে ভবিষ্যৎ প্রজন্ম — বাহুবলে সিলিকা বালু উত্তোলন রোধে পরামর্শ সভা

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকিতে চা বাগান ও সংলগ্ন ছড়া থেকে অবৈধ সিলিকা বালু উত্তোলন রোধে মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা অবহিতকরণ এবং বর্তমান পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে এবং স্থানীয় সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

শনিবার (২৩ মে ২০২৬) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের সভাপতি মোঃ কেফায়েত উল্লা। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দরবেশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা জাকারিয়া।

সভায় প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেলার সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ সাহেদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলার সিলেট বিভাগের সহ-সমন্বয়ক নিরুপম এবং বেলার হবিগঞ্জ জেলার নেটওয়ার্ক মেম্বার ও সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজ, হবিগঞ্জের ভাইস প্রিন্সিপাল মোঃ জালাল উদ্দিন রুমি।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ সাহেদা বলেন, “অননুমোদিত ও অপরিকল্পিতভাবে চা বাগান এবং প্রাকৃতিক ছড়া থেকে সিলিকা বালু উত্তোলনের ফলে স্থানীয় পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। মহামান্য উচ্চ আদালত এই অবৈধ বালু উত্তোলন রোধে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। আইনি নির্দেশনা অমান্য করে যারা পরিবেশের ক্ষতি করছে, তারা পার পাবে না। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে পরিবেশগত বিপর্যয় রোধে বেলা আইনি লড়াই আরও জোরদার করবে।”

সভাপতির বক্তব্যে মোঃ কেফায়েত উল্লা বলেন, “আমাদের এলাকার প্রাকৃতিক সম্পদ, চা বাগান ও ছড়াগুলো অবৈধ বালু উত্তোলনের কারণে ধ্বংসের মুখে পড়েছে। পরিবেশ রক্ষা না হলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকিতে পড়বে। তাই যুব সমাজ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা এ অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।”

বিশেষ অতিথির বক্তব্যে ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও সংগঠনের উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম বলেন, “জনপ্রতিনিধি হিসেবে এলাকার পরিবেশ ও জনগণের জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব। যেভাবে ছড়া ও চা বাগান থেকে সিলিকা বালু উত্তোলন করা হচ্ছে, তাতে স্থানীয় অবকাঠামো ও কৃষিজমি হুমকিতে পড়ছে। অবৈধ বালুখেকোদের রুখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ টেনু মিয়া ও মোঃ উস্তার মিয়া।

সভা শেষে বেলার সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ সাহেদা এবং ভাইস প্রিন্সিপাল মোঃ জালাল উদ্দিন রুমি স্থানীয় যুব সংঘের নেতৃবৃন্দ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত চা বাগান ও ছড়া এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা বালু উত্তোলনের ফলে সৃষ্ট পরিবেশগত বিপর্যয়ের চিত্র প্রত্যক্ষ করেন এবং দ্রুত কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ কাউসার মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, অর্থ সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক জাহিদ মিয়া, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ উল্লা, সহ-প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম সেলিম, সহ-অর্থ সম্পাদক হাফেজ জুবায়ের, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান, সমাজসেবক মাসুক মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।