হবিগঞ্জের লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় সুতাং নদীতে পড়ে সাদেক মিয়া (৩১) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নোয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার দুই ছেলে ফরাশ মিয়া ও সাদেক মিয়া সুতাং নদীর অদূরে জমি থেকে ধান আনতে যান। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে তারা নৌকাযোগে ফিরে আসতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশের অবস্থা খারাপ দেখে ফরাশ মিয়া নৌকা চালিয়ে দ্রুত ফিরে আসার চেষ্টা করেন। তখন সাদেক মিয়া নৌকার মাথায় একটি অ্যালুমিনিয়ামের বল রেখে বসেছিলেন। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে তিনি নদীতে পড়ে যান এবং এরপর থেকে নিখোঁজ রয়েছেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক এবং লাখাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
লাখাই ফায়ার সার্ভিসের টিম লিডার উত্তম কুমার বর্ধন জানান, হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালানো হবে।
এদিকে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র ও উপপরিদর্শক প্রণয় কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


